ডাইং কারখানার বর্জ্যে ব্রহ্মপুত্রের দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াইহাজারে ব্রহ্মপুত্র শাখা নদের পানি ডাইং কারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়েছে। ছবিটি সম্প্রতি উপজেলার প্রভাকরদী এলাকা থেকে তোলা l প্রথম আলো
আড়াইহাজারে ব্রহ্মপুত্র শাখা নদের পানি ডাইং কারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়েছে। ছবিটি সম্প্রতি উপজেলার প্রভাকরদী এলাকা থেকে তোলা l প্রথম আলো

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র শাখা নদের পানি কিছু ডাইং কারখানার বর্জ্যে দূষিত হয়ে গেছে। এতে এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়াসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে শুরু হয়েছে ব্রহ্মপুত্রের শাখা নদটি। এটি রূপগঞ্জ উপজেলায় প্রায় ছয় কিলোমিটার প্রবাহিত হয়ে আড়াইহাজার ও সোনারগাঁ হয়ে মেঘনায় মিশেছে। সরু এই নদ দিয়ে আড়াইহাজার ও সোনারগাঁ বিভক্ত। এটি আড়াইহাজার উপজেলার পশ্চিম পাশের প্রায় অর্ধশত গ্রামের ওপর দিয়ে প্রবাহিত।
গত ১৯ জানুয়ারি আড়াইহাজার উপজেলার প্রভাকরদী এলাকায় গিয়ে দেখা যায়, উত্তর দিক থেকে আসা ব্রহ্মপুত্র নদের পানি একেবারে কালো। এ কারণে নদের পানি ব্যবহার করে না এলাকাবাসী। ২০-২২ বছর আগেও ব্রহ্মপুত্র নদের পানি দিয়ে হাজার হাজার একর জমিতে বোরো ধানের চাষসহ গৃহস্থালির সব কাজই করতেন কৃষকেরা। রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ উপজেলা ও নরসিংদী সদর উপজেলার ডাইং কারখানার বর্জ্যে এই নদের পানি দূষিত হয়েছে। এখন দূষিত পানি সোনারগাঁ উপজেলা দিয়ে মেঘনায় মিশে যাচ্ছে।
আড়াইহাজারের কদমতলী গ্রামের হারেছ মিয়া বলেন, ‘কারখানার পানিতে নদীর পানি দূষিত হইয়া গেছে। ২০ বছর ধইরা পানি দূষিত হইতাছে। নদীতে একসময় দেশি অনেক রকমের মাছ পাওয়া যাইত। কিন্তু এখন পাওয়া যায় না।’ মারুয়াদী গ্রামের ইউনুছ মিয়া বলেন, ‘রূপগঞ্জের ডাইং কারখানার রঙিন পানিতে নদীর পানি নষ্ট হইয়া গেছে। এই পানি লাগলে শরীর চুলকায়। আগে পানি দিয়া দুই ধারের জমিতে বোরো ধানের ব্যাপক চাষ হইত। কিন্তু পানি দূষিত হওয়ায় ধানচাষ কল্পনাই করা যায় না।’
সোনারগাঁয়ের ইটবারদী গ্রামের বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘একসময় নদীর পানি দিয়া গোসল করা, রান্নার কাজসহ সব ধরনের কাজ করত মানুষ। আর এখন পানির পচা গন্ধে কাছে যাওয়া যায় না। বর্ষা মৌসুমে অন্য জায়গা থেকে কিছু মাছ এই নদীতে আসলেও কয়েক দিন থাকার পর মইরা ভাইসা ওঠে। নদীডারে বাঁচাইতে ২০ বছরেও কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এই নদীডারে বাঁচাইতে পারলে এলাকার কয়েক লাখ মানুষ উপকার পাইত।’
আড়াইহাজারের ইউএনও মো. কামাল হোসেন বলেন, ‘আমাদের এলাকার যেসব কারখানা থেকে রংমিশ্রিত পানি নদে ফেলা হচ্ছে, প্রথমে ওই সব কারখানা বন্ধ করা হবে। পরে নরসিংদীর কারখানাগুলো বন্ধ করার চেষ্টা চালাতে হবে।’ তিনি বলেন, ‘নদ রক্ষা বিষয়ে উপজেলা পরিষদের সভায় আমরা আলোচনা করেছি এবং তাতে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।’
গতকাল শনিবার রাতে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুজাহিদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আড়াইহাজার ও সোনারগাঁয়ের ডাইং কারখানাগুলোতে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) আছে। তবে কখনো কখনো কিছু কারখানা বর্জ্য পরিশোধন না করেই নদে ছেড়ে দেয়। তবে কোন কারখানাগুলো নদ দূষণ করছে, স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠন তা সুনির্দিষ্টভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে।