জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলে ডাইনিং চালু ও হলের সামনে ভাষা আন্দোলনে শহীদ রফিক, জব্বারের প্রতিকৃতি স্থাপনের দাবিতে থালা-বাটি হাতে নিয়ে ক্যাম্পাসে মিছিল করেছেন ওই হলের শিক্ষার্থীরা। শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা গতকাল বুধবার সকাল ১০টার দিকে হলের সামনে থেকে থালা-বাটি হাতে নিয়ে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিলে উপাচার্য মো. আনোয়ার হোসেন এ সময় তাঁর ভবনের কার্যালয় থেকে নিচে নেমে আসেন। এ সময় তিনি আজ বৃহস্পতিবারের মধ্যে হলের ডাইনিং চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দিলে তাঁরা সেখান থেকে চলে আসেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, হলটি উদ্বোধনের পর প্রায় দুই বছর পার হয়ে গেলেও এখনো ডাইনিং চালু করা হয়নি। এর ফলে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে হলের বাইরে গিয়ে বিভিন্ন খাবারের দোকান থেকে বেশি দামে খাবার কিনে খেতে হচ্ছে।হলের প্রাধ্যক্ষ আরজু মিয়া বলেন, নবনির্মিত হলটিতে এখনো গ্যাস সংযোগ দেওয়া হয়নি। এ কারণে ডাইনিং চালু করা হয়নি।