রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের ১৫টি নলকূপের ১২টি তিন বছর ধরে অচল পড়ে আছে। সম্প্রতি আরও একটি অচল হয়ে পড়েছে। পাঁচ বছরের বেশি সময় ধরে দুটি ডাইনিং বন্ধ রয়েছে। আর ক্যানটিনটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, শয্যার ভাড়া বাড়ানো হলেও এগুলো সচল করার ব্যাপারে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।কলেজ সূত্রে জানা যায়, মুসলিম ছাত্রাবাসের এখন সাতটি ভবন রয়েছে। এগুলোয় ৫৫০ জন শিক্ষার্থীর আবাসনব্যবস্থা রয়েছে। এর প্রতিটি ভবনের জন্য একটি করে ডাইনিং রয়েছে। ছাত্রাবাস চত্বরে তিনজন আবাসিক শিক্ষকের কোয়ার্টারসহ শিক্ষার্থীদের আবাসিক ভবনের জন্য ১৫টি নলকূপ ছিল।এ ব্যাপারে শিক্ষার্থীরা জানান, তিন বছর আগে থেকে ১২টি নলকূপ অচল পড়ে আছে। এর মধ্যে পাঁচটি নলকূপের মাথা খুলে রাখা হয়েছে। শিক্ষার্থীদের জন্য সাতটি ডাইনিং থাকলেও পাঁচ বছরেরও বেশি সময় ধরে দুটি বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত ক্যানটিন ছিল। তিন বছর আগে এটিও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তিনটি কোয়ার্টারে চারজন শিক্ষকের থাকার কথা থাকলেও কোনো শিক্ষক থাকেন না। কোয়ার্টারের ভেতরে তিনটি নলকূপ অচল হয়ে আছে। পরিত্যক্ত কোয়ার্টারে এখন শিক্ষার্থীদের জন্য শয্যা পেতে দেওয়া হয়েছে। বন্ধ ক্যানটিনে এখন তত্ত্বাবধায়ক শিক্ষকদের কার্যালয় বানানো হয়েছে। এর নিচে যে কার্যালয়ে আগে তাঁরা বসতেন, তা দুই মাস আগে শিক্ষার্থীদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাসে সরবরাহ করা কলের পানি স্বাস্থ্যসম্মত নয়। এ কারণে কেউ সেই পানি পান করতে পারেন না। শুধু গোসল ও কাপড় ধোয়ার কাজে এই পানি ব্যবহার করা হয়। প্রতিদিন সকালে সাড়ে ৫০০ শিক্ষার্থী খাওয়ার পানির জন্য দুটি নলকূপে ভিড় করেন। কর্তৃপক্ষকে নলকূপ মেরামতের জন্য অনুরোধ করলেও তারা এ দিকে কর্ণপাত করে না।ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মোয়াজ্জেম হোসেন জানান, নলকূপগুলো মাঝেমধ্যে মেরামত করা হয়, কিন্তু ঠিক রাখা যায় না। আর ডাইনিং চালানোর মতো কর্মচারী রাজশাহীতে পাওয়া যায় না। যে কয়েকটা চলছে, কুমিল্লার লোকেরা চালান। শিক্ষকদের কোয়ার্টারগুলো বসবাসের অনুপযোগী। তাই শিক্ষকেরা অনেক দিন ধরেই থাকেন না। তিনি আরও জানান, শিক্ষার্থীরা ক্যানটিনে এলে খান না। সেখানে বাইরের ছেলেমেয়েরা আসত। মেয়েদের আসা নিষিদ্ধ করার পর আর ভালো বেচাকেনা হতো না। তাই বন্ধ করে দেওয়া হয়েছে।