ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থীকে ডাইনিংয়ের খাবারের ওপর নির্ভর করতে হয়। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারের উচ্চমূল্য ও নিম্নমানের খাবারের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।গত পাঁচ বছরে খাবারের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে কমেছে মান। হল কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাব ও পারিপার্শ্বিক সমস্যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংখ্যা ছয়টি। এর মধ্যে ছেলেদের চারটি এবং ছাত্রীদের দুটি হল রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ছয়টি আবাসিক হলে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী থাকেন। এসব হলে ডাইনিংয়ের পাশাপাশি কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই। ক্যাম্পাসে একটি কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থাকলেও অধিকাংশ শিক্ষার্থীকে ডাইনিংয়ের ওপরই নির্ভর করতে হয়।এদিকে পাঁচ বছরে ডাইনিংয়ে খাবারের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। ২০০৮ সালে ডাইনিংয়ে খাবারের দাম ছিল মিলপ্রতি ১২ টাকা। ২০১০ সালে বেড়ে দাঁড়ায় ১৬ টাকা, ২০১১ সালে ১৮ টাকা এবং ২০১২ সালে ২০ টাকা।জিয়াউর রহমান হলের ছাত্র তৌসিফ উল আমিন অভিযোগ করেন, গত বছর মিলরেট বাড়ার পর মাছ-মাংসের আকার আগের চেয়ে অর্ধেক হয়ে গেছে। হলের ডাইনিং ব্যবস্থাপক বদর উদ্দিন জানান, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় ভালো খাওয়ানো সম্ভব হচ্ছে না। হলের প্রাধ্যক্ষ মো. সেলিম বলেন, ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধির ব্যাপারে উপাচার্য ও প্রাধ্যক্ষ পরিষদকে জানানো হয়েছে। আবাসিক হলগুলোর ডাইনিং ঘুরে দেখা গেছে, খাবার পরিবেশন ও রান্নার পাত্রগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। ডাইনিংয়ে হাত ধোয়ার জায়গাগুলো অপরিচ্ছন্ন। কয়েকজন কর্মচারী অভিযোগ করেন, ডাইনিং পরিষ্কার রাখার জন্য প্রয়োজনীয় দ্রব্য নিয়মিত সরবরাহ না থাকায় সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না।শিক্ষার্থীদের অভিযোগ, কোনো কারণে ক্যাম্পাস থেকে ফিরতে দেরি হলে ডাইনিংয়ে খাবার পাওয়া যায় না। এ কারণে ছাত্রী হলে বিড়ম্বনা বেশি হয়। খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, ডাইনিংয়ে খাবার পরিবেশনের নির্দিষ্ট কোনো সময় নেই। অনেক সময় ডাইনিংয়ে খাবার শেষ হয়ে যায়। এসব কারণে মাঝেমধ্যে না খেয়েও থাকতে হয়। প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, ডাইনিং সমস্যার ব্যাপারে সব হলের প্রাধ্যক্ষদের নিয়ে সভা করে সমাধানের ব্যবস্থা করা হবে। উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘ডাইনিংয়ে শিক্ষার্থীদের সমস্যার ব্যাপারে প্রাধ্যক্ষদের লিখিতভাবে জানাতে বলেছি। তাঁরা জানানোর পর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’