ডাইনিংয়ের খাবারের মূল্য বৃদ্ধি শিক্ষার্থীদের ক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ডাইনিংয়ে দুপুরের খাবারের দাম ৪ টাকা বাড়িয়ে ২৪ টাকা ও রাতের খাবারের দাম ২ টাকা বাড়িয়ে ১৮ টাকা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে হলগুলোর ডাইনিংয়ে খাবারের নতুন এ দাম কার্যকর করা হয়। দুপুরে খেতে এসে হঠাৎ খাবারের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, খাবারের দাম বাড়লেও মান বাড়েনি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চালের দাম বাড়ায় ডাইনিংয়ে লোকসান হচ্ছে—এমন যুক্তিতে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল বরাবর খাবারের মূল্যবৃদ্ধির দাবি জানায় ভোজনালয় শ্রমিক ইউনিয়ন। এর পরিপ্রেক্ষিতে গত ১২ জুন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও নবাব আব্দুল লতিফ হলের প্রভোস্ট অধ্যাপক বিপুল কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সিদ্ধান্ত অনুসারে গত সোমবার খাবারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রাধ্যক্ষ কাউন্সিল। এর আগে চালের মূল্যবৃদ্ধির অজুহাতে ২০১০ সালে দুপুরের খাবার ১৬ থেকে ২০ টাকা এবং রাতের খাবার ১৩ থেকে ১৬ টাকা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘বারবার আবাসিক হলগুলোর ডাইনিংয়ে খাবারের দাম বাড়ানো হচ্ছে। আর খাবারের মান আগের চেয়ে বহু গুণ কমেছে। সেদিকে কেউ ভ্রুক্ষেপ করছে না। ডাইনিংয়ে সবচেয়ে নিম্নমানের চাল সরবরাহ করা হয়। আর রাজশাহীতে সবজির দামও বেশি না।’
শাহ্ মখদুম হলের আবাসিক শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘খাবারের মান এতই খারাপ যে জেলখানার কয়েদিরাও এর চেয়ে ভালো খাবার পায়। আমাদের টাকায় আমাদের খাবারের ব্যবস্থা হলেও সঠিক তত্ত্বাবধানের অভাবে পুষ্টিহীন খাবার খাচ্ছি।’ মন্নুজান হলের রাবেয়া খাতুন বলেন, ‘ছাত্র হলের ডাইনিংয়ের তুলনায় আমাদের ডাইনিংয়ের অবস্থা আরও করুণ। ছেলেরা যেখানে-সেখানে খাবার খেতে পারে। কিন্তু আমাদের সে সুযোগ না থাকায় ডাইনিংয়েই চোখ বুজে খেতে হয়, নতুবা না খেয়ে থাকতে হয়।’
আবাসিক হলগুলোর খাবার মূল্যবৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান বলেন, খাবারের মূল্যবৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় ভোজনালয় শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনা করে প্রভোস্ট কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ভালো বলতে পারবেন।
প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ও নবাব আব্দুল লতিফ হলের প্রভোস্ট বিপুল কুমার বিশ্বাস বলেন, যে হারে খাবার সরবরাহ করা হচ্ছে, শিক্ষার্থীদের জন্য এটাই তো বড় সুবিধা। সবার কথা বিবেচনায় রেখে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। খাবারের মানের ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে ভোজনালয় শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান করা হবে।