ডাউকি নদীর বুকে এবার 'ডুব রাস্তা'
সিলেটের জাফলংয়ে ডাউকি নদীর বুকে ছিল অবৈধ সেতু। প্রভাবশালী পাথর ব্যবসায়ীরা শুষ্ক মৌসুমে ট্রাক চলাচলের জন্য সেতুটি নির্মাণ করেছিলেন। অবৈধ ওই সেতুটি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে সেতুটি সরিয়ে ফেলা হয়।
এর দুই বছর পর চলতি শুষ্ক মৌসুমের শুরুতে ডাউকির বুকে সেই সেতুর স্থানেই পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে তৈরি করা হয়েছে রাস্তা। নদীতে পাথর ফেলে ট্রাক চলাচলের জন্য এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এই পথে চলাচলকারী ট্রাকের চালক, শ্রমিক ও পাথরের কারবারিদের কাছে রাস্তাটি ‘ডুব রাস্তা’ নামে পরিচিতি পেয়েছে।
পরিবেশবাদীরা বলছেন, উচ্চ আদালত ডাউকি নদীকে ‘প্রতিবেশ সংকটাপন্ন এলাকা’ হিসেবে কার্যকর করার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ওই নির্দেশনা কার্যকর করেনি।
সরেজমিনে দেখা গেছে, নদীতে পাথর ফেলে তলদেশ উঁচু করে রাস্তাটি তৈরি করা হয়েছে। পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ করা হয়নি। রাস্তাটির ওপর দিয়ে হাঁটু থেকে কোমরসমান পানি প্রবাহিত হচ্ছে। অনেকটা ডুবন্ত বাঁধের মতো। কেবল ট্রাক চলাচল দেখে রাস্তাটির অস্তিত্ব বোঝা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুতে ভরাট হয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে ডাউকির সঙ্গে মিলিত হওয়া পিয়াইন নদীতে শুষ্ক মৌসুমে পানি থাকে না। কেবল ডাউকিতে পানি থাকে। এ সময় ডাউকির পানি স্বচ্ছ এবং আকর্ষণীয় হয়ে ওঠায় পর্যটকদের ভিড়ও বেড়ে যায়। জাফলংয়ে বেড়াতে যাওয়া পর্যটকেরা এই নদীতে নৌভ্রমণ করেন। এসব নৌকা ওই রাস্তাটির কাছে গিয়ে আটকা পড়ে। নৌকার মাঝি পানিতে নেমে ঠেলে নৌকা পার করেন।
নদীপথে দ্রুত পাথর পরিবহন করার জন্য ২০১১ সালের শুষ্ক মৌসুমে বেইলি আকৃতির সেতুটি নির্মাণ করেছিল ‘জাফলং-বালল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি’। ওই সেতু দিয়ে ট্রাক পারাপার শুরু হলে ২০১১ সালের ১৮ ডিসেম্বর প্রথম আলোতে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর উচ্চ আদালতে বেলা আবেদন করলে আদালতের নির্দেশে ২০১২ সালের শুষ্ক মৌসুমের আগেই সেতুটি সরিয়ে ফেলা হয়। এবার কোনো সমিতির নামে রাস্তাটি নির্মাণ করা না হলেও পাথর ব্যবসায়ীরাই রাস্তাটি ব্যবহার করছেন।
জাফলংয়ের লাপাপুঞ্জির মোস্তাফিজুর রহমান নামের এক পাথর ব্যবসায়ী রাস্তা নিয়ন্ত্রণ করছেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ট্রাকচালকেরা তাঁদের সুবিধার জন্য অস্থায়ীভাবে এটি করেছেন।
বেলার সিলেট অঞ্চলের সমন্বয়ক শাহ শাহেদা আক্তার বলেন, নদী আইন অনুযায়ী নদীর পানিপ্রবাহ ব্যাহত হওয়ার মতো কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি নিষিদ্ধ।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘প্রতিবেশ সংকটাপন্ন এলাকা বা ইসিএ ঘোষণা জেলা প্রশাসনের মাধ্যমেই হবে। তবে এ ব্যাপারে আমাদের স্থানীয় পর্যবেক্ষণ প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সেটি পেলে প্রশাসনিকভাবে ওই ঘোষণা কার্যকর হতে হবে।’
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি। যেহেতু পরিবেশসংশ্লিষ্ট বিষয়, আমি জেনে অবশ্যই পদক্ষেপ নেব।’