ডাউকি রক্ষায় জাফলংকে ইসিএ ঘোষণার দাবি
ডাউকি নদী ও পরিবেশ রক্ষায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘ডাউকি নদীর বুকে এবার ডুব রাস্তা’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে পরিবেশবাদী সংগঠনের নেতারা এ দাবি জানান। ‘সারী নদী বাঁচাও আন্দোলন’-এর সভাপতি আবদুল হাই আল হাদী জানান, গত বছরের ১৩ অক্টোবর সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সিলেটের পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে প্রথম এ দাবি তোলা হয়েছিল।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে ইসিএ ঘোষণাসংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছিল। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরেজমিন পর্যবেক্ষণ প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে পাঠানো হয়। ইসিএ ঘোষণা জেলা প্রশাসন নয়, পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণ প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরিবেশ ও বন মন্ত্রণালয় ঘোষণা করবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন। প্রথম আলোয় গতকাল প্রকাশিত সচিত্র প্রতিবেদনে তাঁকে উদ্ধৃত করে প্রকাশিত এ-সংক্রান্ত তথ্য সংশোধনের কথা জানিয়ে তিনি বলেন, সম্ভাব্যতা যাচাই করে স্থানীয়ভাবে পর্যবেক্ষণ সম্পন্ন হয়েছে। সেটি পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি এখন প্রক্রিয়াধীন।