ডাউকির বুকে অবৈধ সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদীর মাঝ বরাবর স্থাপন করা হয়েছে ৪০ থেকে ৫০ ফুট দীর্ঘ একটি ‘বেইলি সেতু’। পাথর ফেলে তার ওপর বালুর বস্তা দিয়ে বানানো হয়েছে সেতুর সংযোগ সড়ক। নদীর বুকে স্থাপিত সংযোগ সড়ক ও সেতু দিয়ে চলবে পাথরবোঝাই ট্রাক। সেতুটি সিলেটের পর্যটন এলাকা হিসেবে পরিচিত জাফলংয়ের ডাউকি নদীর ওপর অবস্থিত। পানি কমে যাওয়ায় স্থানীয় পাথর ব্যবসায়ীরা দ্রুত পাথর পরিবহন করতে নদীতে এই প্রতিবন্ধকতা তৈরি করেছেন। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বিঘ্নিত হচ্ছে। নিজেদের সুবিধার জন্য পাথর ব্যবসায়ীরা ‘নদীশাসন’ করছেন বলে অভিযোগ উঠেছে। গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ কাজের সার্বিক তদারকিতে আছেন বলে জানা গেছে। নদীর গতিপথ বন্ধ করে এমন মৌসুমি-দখল তৎপরতা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আইনে সম্পূর্ণ নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় নদীরক্ষা আন্দোলনের নেতারা। সংগঠনের সিলেটের সমন্বয়ক আবদুল করিম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ পাউবোর ২০০০ অ্যাক্টের ২৬ নম্বরের (৫/২-এ) উপধারায় নদীর স্বাভাবিক গতিধারা বন্ধ করার তৎপরতা চালালে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, এই আইন প্রয়োগের কোনো দৃষ্টান্ত পাউবোর নেই। আর তাই অবলীলায় চলে নদীশাসন ও দখল।’জাফলং-বালাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কার্যকরী সদস্য ও যুবলীগের নেতা ফারুক আহমদ দাবি করেন, ‘এখানে আসলে দলীয় পরিচয় দেখার বিষয় না। পাথর সরবরাহ স্বাভাবিক রাখার স্বার্থে এ কাজ হচ্ছে। বিষয়টি প্রশাসনও জানে।’ যুবলীগের নেতার দাবি ভিত্তিহীন উল্লেখ করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিভিন্নভাবে বিষয়টি জেনেছি। নদীতে এ রকম কিছু করা মোটেই আইনসিদ্ধ নয়। এসব অবৈধ। প্রয়োজনে আমি নিজে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করব।’৮ ডিসেম্বর সরেজমিনে দেখা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে শূন্য রেখা (নো ম্যানস ল্যান্ড) থেকে প্রায় ২০০ গজ দূরে ডাউকি নদীর বাংলাদেশ অংশে বেইলি আকৃতির সেতুটি দাঁড়িয়ে আছে। পরিত্যক্ত একটি বেইলি সেতুর সরঞ্জামের সঙ্গে নতুন চারটি পাটাতন জুড়ে দিয়ে সেতুটি তৈরির কাজ শেষ হয়েছে। সেতু দিয়ে ট্রাক চলাচলের জন্য নদীর উভয় দিকের তীর থেকে সেতু পর্যন্ত পাথরের স্তূপ করে সংযোগ সড়ক তৈরির কাজ চলছে। এতে ডাউকির পানিপ্রবাহ বিঘ্নিত হচ্ছে। নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তিন লাখ টাকার মধ্যে পুরো কাজ করা হচ্ছে। সপ্তাহ খানেকের মধ্যে রাস্তা তৈরির কাজ শেষ হলে ট্রাক চলাচল শুরু হবে। গতকাল শনিবার পর্যন্ত সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ হয়নি। এদিকে অবৈধ বললেও স্থানীয় প্রশাসন সেতুটি উচ্ছেদে কোনো ব্যবস্থা নেয়নি। জাফলংয়ে পাথর পরিবহন ও ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, জাফলং-বালাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ৪৪০ জন সদস্যের পাথর পরিবহন সুবিধার কথা বিবেচনা করে মাসিক (ডিসেম্বর) বৈঠকে নদীতে অস্থায়ী সেতু ও রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়। নির্মাণকাজের ব্যয় সমিতির তহবিল থেকে মিটিয়ে ট্রাকপ্রতি পারাপার মূল্য (টোল) নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। পারাপার ব্যবস্থা তদারক করবেন গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ। তাঁর সঙ্গে পাথর পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীদের একটি দল রয়েছে। প্রতিদিন এই সেতু দিয়ে দুই শতাধিক ট্রাক পারাপার হবে—এ কথা জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, ‘এ থেকে এক মৌসুমে অন্তত কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।’ জাফলং-বালাঘাট পাথর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ নদীতে সেতু ও সংযোগ সড়ক তৈরির কথা স্বীকার করে বলেন, ‘এটি পাথর ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থেই হচ্ছে।’ পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী শৈলেন কুমার পাল বলেন, ‘আইন আছে। তবে জাফলংয়ের ডাউকি নদীতে পাউবোর কোনো প্রকল্প না থাকায় নদীর গতিধারা বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না।’