ডাক বিভাগের চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ডাক বিভাগের গাড়ির সিন্দুক থেকে চুরি যাওয়া আড়াই লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাড়ির চালক ও ডাক প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার সময় এসব টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা গাড়িচালক মাসুদ কামাল খুলনা শহরের দক্ষিণ টুথপাড়া এলাকার ও প্রহরী হাফিজুর রহমান বরিশালের গৌরনদী উপজেলার চাঁদনি গ্রামের বাসিন্দা।সাতক্ষীরা ডাক বিভাগের সহকারী পরিদর্শক আবদুর রশীদ সরদার জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শ্যামনগর উপজেলা ডাকঘর থেকে নয়টি ৫০০ টাকার বান্ডিলে সাড়ে চার লাখ টাকা নিয়ে তিনি সাতক্ষীরার প্রধান ডাকঘরে আসছিলেন। দেবহাটা উপজেলার গুরুগ্রামে এসে গাড়িচালক জানান, ব্রেক নষ্ট হয়ে গেছে মেরামতে ঘণ্টা খানেক সময় লাগবে। এ সময় তিনি পাশের একটি মসজিদে নামাজ পড়তে যান। সন্ধ্যা সাতটার দিকে গাড়ি মেরামত শেষে রাত সাড়ে আটটার দিকে সাতক্ষীরা প্রধান ডাকঘরে এসে পৌঁছায় গাড়ি। কিন্তু গাড়ির সিন্দুক থেকে টাকার ব্যাগ নিয়ে প্রধান ডাকঘরের ক্যাশিয়ারকে বুঝিয়ে দিতে গিয়ে দেখেন নয়টি ৫০০ টাকার বান্ডিলের জায়গায় আছে চারটি বান্ডিল। বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা থেকে উপপরিদর্শক সাহরিয়ার হাসান গাড়িচালক ও ডাকপ্রহরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে গাড়িচালক মাসুদ কামাল গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা দুই লাখ টাকা বের করে দেন। পরে তাঁর তথ্যমতে, শহরের টাউন বালিকা বিদ্যালয়ের পাশে একটি ভরাট পুকুরের পাড়ে লুকিয়ে রাখা ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাজাহান আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।