ডাকঘর থেকে আমানতকারীর দুই লাখ টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রধান ডাকঘর থেকে মোশাররফ হোসেন নামের এক গ্রাহকের স্থায়ী আমানতের প্রায় দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। আমানতকারী একজন শিক্ষক। তাঁর বাড়ি নান্দাইল উপজেলার বনগ্রাম এলাকায়। নান্দাইল ডাকঘরের পোস্টমাস্টার ও অপারেটর এই অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।মোশাররফ হোসেন জানান, ঢাকা জেলার সাভার থানা এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করতেন। সেই সময় সাভার সেনানিবাস উপ-ডাকঘরে দেড় লাখ টাকা জমা দিয়ে তিন বছর মেয়াদি একটি আমানত (হিসাব নম্বর-৫৪৪৮৫) খোলেন। এরপর সেখান থেকে নান্দাইল উপজেলার মুক্তিযোদ্ধা বালিকা উচ্চবিদ্যালয়ে যোগদানের পর ওই আমানতটি নান্দাইল উপজেলার প্রধান ডাকঘরে স্থানান্তর করেন। এখানকার হিসাব নম্বর-৩১৯৬৩। মোশাররফ হোসেন জানান, বাচ্চাদের পড়িয়ে তিনি অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছেন। আমানতের মেয়াদ শেষ হওয়ার পর তিনি গত ৪ নভেম্বর নান্দাইল ডাকঘরে এসে টাকা উত্তোলনের জন্য পাসবই জমা দেন। সেই সময় তাঁর কাছ থেকে একটি ফরমের দুটি স্থানে সই নেন পোস্টমাস্টার ইসহাক মিয়া। পাসবই জমা নেওয়া ও ফরমে স্বাক্ষর নিলেও তাঁকে কোনো কাগজ বা রসিদ দেওয়া হয়নি। এর পর থেকে তিনি বারবার নান্দাইল ডাকঘরে টাকার জন্য আসেন। কিন্তু পোস্টমাস্টার ইসহাক মিয়া ও পোস্টাল অপারেটর আবদুল হান্নান এটা-সেটা বলে তাঁকে অপেক্ষায় থাকতে বলেন। একপর্যায়ে সন্দেহ হলে ১২ ডিসেম্বর তিনি কিশোরগঞ্জ জেলার প্রধান ডাকঘরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর হিসাবে কোনো টাকা নেই। সংশ্লিষ্ট বিভাগ থেকে তাঁকে জানানো হয়, গত ৭ নভেম্বর তাঁর হিসাব থেকে এক লাখ ৯৮ হাজার ৮৭৫ টাকা উত্তোলন করা হয়েছে।এ ঘটনা জেনে ওই শিক্ষকের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়। তিনি তাৎক্ষণিক নান্দাইল ডাকঘরে ছুটে এসে কান্নাকাটি করেন।ঘটনাটি জানাজানি হলে কিশোরগঞ্জের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) মো. সাইফুল আলম বুধবার রাতে নান্দাইল ডাকঘরে এসে পোস্টমাস্টার ও অভিযোগকারীর বক্তব্য শোনেন। তিনি আমানতকারীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেন। মুঠোফোনে যোগাযোগ করে এ সম্পর্কে জানতে চাইলে ডিপিএমজি সাইফুল আলম বলেন, গ্রাহক যেহেতু টাকা ফেরত পাননি। তাই ঘটনাটি নিয়ে তদন্ত চালানো হচ্ছে। প্রাথমিক তদন্তে আত্মসাতের ঘটনায় পোস্টাল অপারেটর আবদুল হান্নানের জড়িত থাকার তথ্য মিলেছে। পোস্টাল অপারেটর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সাইফুল আলম জানান, আত্মসাৎ করা টাকা আদায় করে গ্রাহককে ফেরত দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। জানতে চাইলে পোস্টমাস্টার মো. ইসহাক মিয়া প্রথম আলোকে জানান, গ্রাহক টাকা বুঝে পেয়েছেন বলেই তো ফরমে স্বাক্ষর দিয়েছেন। পাসবই ও ফরমে স্বাক্ষর রাখার সময় তাহলে গ্রাহককে রসিদ দেননি কেন—জানতে চাইলে তিনি চুপ থাকেন। পোস্টাল অপারেটর আবদুল হান্নান গ্রাহকের আমানতের টাকা লেনদেনে জড়িত থাকেন কীভাবে—জানতে চাইলে ইসহাক মিয়া কোনো সদুত্তর দিতে পারেননি।ডাকঘরের অন্য একটি সূত্র জানায়, একজন পোস্টাল অপারেটরের পক্ষে গ্রাহকের আমানত লেনদেনের কাজ করা কোনোমতেই সম্ভব নয়, যদি পোস্টমাস্টারের সহায়তা না থাকে।