ডাকঘর না মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ডাকঘরের ছাদের পলেস্তারা খসে পড়ে ভবনটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ডাকঘরের ছাদের পলেস্তারা খসে পড়ে ভবনটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

চাঁদপুর শহরের পুরানবাজার ডাকঘরটি একসময় জমজমাট ছিল। বর্তমানে ডাকঘরের ভবনটি খুবই জরাজীর্ণ। যেকোনো সময় ভবনের ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থার মধ্যেও সেখানে ঝুঁকি নিয়ে কার্যক্রম চলছে।
ডাকঘরের কয়েকজন কর্মকর্তা জানান, আগের তুলনায় এখানে চিঠির আদান-প্রদান কমে গেছে। সঞ্চয়, এফডিআরসহ বাণিজ্যিক লেনদেন কিছুটা স্বাভাবিক রয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় লোকজন এখানে আসতে ভয় পান। এ অবস্থার মধ্যে ডাকঘরের রাত্রিকালীন কার্যক্রমও চলছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, একতলা ভবনের ছাদের বেশির ভাগ পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। অনেক জায়গায় রড নষ্ট হয়ে গেছে। ডাকঘরের মাধ্যমে টাকা পাঠাতে আসা চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী পূজা রায় বলেন, ‘মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে অনেক খরচ। আর ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো সময়সাপেক্ষ ও ঝামেলার। তাই আমি সহজেই টাকা পেতে ও পাঠাতে ডাকঘরে আসি। কিন্তু ডাকঘরের ভবনের যে অবস্থা তাতে এখানে ঢুকতেই ভয় লাগে।’
পুরানবাজারের ব্যবসায়ী রিজু রহমান বলেন, ‘আগে অনেক চিঠি আদান-প্রদান করতাম। এখন ভবনটি চরম ঝুঁকিপূর্ণ। তাই আমরা অনেকেই এখন পোস্ট অফিসে যাই না।’ চাঁদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ বলেন, চাঁদপুরে এখন অনেক ব্যাংক অনলাইন ব্যবস্থা চালু করেছে। তা ছাড়া মুঠোফোন, ইন্টারনেটের কারণে চিঠি আদান-প্রদানও কমে গেছে। ডাকঘরের পোস্টমাস্টার মো. শাহ এমরান বলেন, ভবনটি কয়েক বছর ধরেই ঝুঁকিপূর্ণ হলেও এর কার্যক্রম বন্ধ নেই। ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।