ডাকঘর, পৌর মার্কেট ও ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার দ্বিতল ভবনবিশিষ্ট ডাকঘরে ঢুকলে দেয়াল ও ছাদের ফাটলগুলো যে কারও মনেই ভয় ধরিয়ে দেবে। ছাদ থেকে পলেস্তারা খসে লোহার শিকগুলো এমনভাবে বেরিয়ে এসেছে, মনে হয় কখন যেন ছাদটাই ধসে পড়ে।

ছাদ ধসে পড়ার আতঙ্ক নিয়েই ডাকঘরের ১০-১২ জন কর্মকর্তা-কর্মচারী সেখানে দায়িত্ব পালন করাসহ নানা প্রয়োজনে অসংখ্য মানুষ যাতায়াত করছেন। বছর দুয়েক আগেই ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করেছে বেড়া পৌরসভা।

ডাকঘরের পোস্টমাস্টার রমজান আলী বলেন, ‘ভবনটি পরিত্যক্ত ঘোষণার বহু আগে থেকেই তো এখানে ফাটল। আমরা আতঙ্ক নিয়েই কাজ করছি। সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্ক আরও বেড়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি।’

শুধু ডাকঘর নয়, বেড়া পৌর মার্কেটসহ ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের জনবহুল এলাকায় বেড়া পৌর মার্কেট অবস্থিত। তিনতলা এ মার্কেটের প্রথম ও দ্বিতীয় তলায় ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং তৃতীয় তলায় একটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় ও সেমিনার কক্ষ। ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ভবনটির অনেক জায়গাতেই ফাটল। পাঁচ-ছয় বছর ধরে ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বছর দুয়েক আগে পৌর কর্তৃপক্ষ এ ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে ব্যবসায়ীদের সরে যেতে নোটিশ দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, পৌর কর্তৃপক্ষ পুনর্বাসনের ব্যবস্থা না করেই দোকান থেকে সরে যাওয়ার নোটিশ দিয়ে দায় সেরেছে। কিন্তু ব্যবসা বন্ধ করলে তাঁদের না খেয়ে থাকতে হবে। তাই ঝুঁকিপূর্ণ ভবনেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

উপজেলার চারটি মাধ্যমিক ও ১০টি প্রাথমিক বিদ্যালয় ভবনও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে আছে ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয়, ঢালারচর উচ্চবিদ্যালয়, বেড়া হাইস্কুল ও মাসুমদিয়া ভবানীপুর উচ্চবিদ্যালয়। আর প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে টাংবাড়ী, বেড়া বিবি, সিন্দুরী, চরসাফুল্যা, কোমরপুর, রূপগঞ্জ, পাইখন্দ বাড়াদিয়া, চাকলা, কুশিয়ারা বাগজান ও পাঁচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এক বা একাধিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও কক্ষসংকটে এসব ভবনে চলছে শিশুদের পাঠদান।

উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ এ ভবনগুলো সাম্প্রতিক ভূমিকম্পে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেড়া বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন বলেন, ‘আমার বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনটি ধসে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তার পরও কক্ষসংকটে সেখানেই ক্লাস নিচ্ছি। এর আগে ক্লাস নেওয়ার সময় ছাদ থেকে পলেস্তারা খসে আমিসহ দু-তিনজন শিক্ষার্থী আহতও হয়। ভবনটির এ অবস্থা নিয়ে স্থানীয় সাংসদের ডিও লেটারসহ সংশ্লিষ্ট দপ্তরে বারবার ধরনা দিয়েও লাভ হচ্ছে না।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর এসব ভবনে ক্লাস নিতে নিষেধ করা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, ‘বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত মেরামত প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

বেড়া পৌরসভার সহকারী প্রকৌশলী ফিরোজুল আলম বলেন, ‘ডাকঘর, পৌর মার্কেটসহ পৌর এলাকার সাত-আটটি প্রতিষ্ঠানের ভবনকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে বছর দুয়েক আগেই আমরা নোটিশ দিয়েছি।’

এ ব্যাপারে বেড়ার পৌর মেয়র আবদুল বাতেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে কাউন্সিলর হাবিবুর রহমান বলেন, ‘পৌর মার্কেটটিই শুধু আমাদের আওতায়। সেটি ভেঙে নতুন ভবন তৈরির জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ প্রাপ্তিরও আশ্বাস পাওয়া গেছে।’ সব ঠিক থাকলে শিগগিরই পুরোনো ভবন ভেঙে নতুন ভবন করা হবে। তবে অন্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো পৌর কর্তৃপক্ষের আওতাধীন না। তাই সেগুলোর ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের করণীয় কিছু নেই বলে জানান তিনি।