ডাকঘরের জমি দখল
গাজীপুরের কালিয়াকৈর বাজার এলাকায় ডাকঘরের জমি প্রভাবশালী দুই ব্যক্তি দখল করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। তাঁরা পোস্টমাস্টারকে হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা পোস্টমাস্টার ইউনুছ আলী মোল্লা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।ডাকঘর সূত্রে জানা গেছে, ২০০৫ সালে কালিয়াকৈর বাজারের উত্তর পাশে সরকারি ১০ শতাংশ জমি জেলা প্রশাসকের কাছ থেকে বরাদ্দ নিয়ে তার কিছু অংশে উপজেলা ডাকঘরের ভবন তৈরি করা হয়। গত শনিবার ডাকঘরের জমিতে সীমানাপ্রাচীর নির্মাণ করার সময় কালিয়াকৈর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন ও বাজারের ব্যবসায়ী আতাউর রহমান তাতে বাধা দেন। এ সময় তাঁরা পোস্টমাস্টার এবং ডাকঘরের কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়ে জমিতে সাইনবোর্ড টানিয়ে দেন। সাইন বোর্ডে লেখা রয়েছে ক্রয়সূত্রে এই জমির মালিক আমির হোসেন ও আতাউর রহমান। আমির হোসেন বলেন, ‘ডাকঘরের পেছনের জমি আমাদের কেনা—দলিলপত্র রয়েছে। তাই আমরা ওই জমিতে কাজ বন্ধ করে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি।’ তিনি পোস্টমাস্টারকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর রশিদ জানান, ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জমি দখলের সত্যতা পাওয়া গেছে। এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের দাবির পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।