ডাকঘরের নিজস্ব ভবন নেই কাজ চলে দোকানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পাঁচটি ডাকঘরের নিজস্ব কোনো ভবন নেই। ডাকঘরের কার্যক্রম চলছে দোকান, ইউনিয়ন পরিষদের (ইউপি) পরিত্যক্ত কক্ষ ও বাড়িতে। ফলে স্থানীয় লোকজন ডাকসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তারাগঞ্জের প্রধান ডাকঘর কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জের পাঁচটি ইউনিয়নে আটটি ডাকঘর আছে। এর মধ্যে প্রধান ডাকঘর একটি, ইউনিয়ন ডাকঘর সাতটি। প্রধান ডাকঘরের নিজস্ব ভবন থাকলেও ইউনিয়নের পাঁচটি ডাকঘরের কাজ চালানো হচ্ছে দোকান, পরিত্যক্ত কক্ষ ও বাড়িতে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ডাংগীরহাট ডাকঘরের কার্যক্রম চালানো হচ্ছে ডাংগীরহাট বাজারের একটি দোকানে। ওই ডাকঘরের পোস্টমাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের নিজস্ব কার্যালয় নেই। নেই চেয়ার-টেবিল। ডাংগীরহাট বাজারে অন্যের দোকানে রাজস্ব, ডাকটিকিট, খাম বিক্রি করছি।’
ওই ডাকঘরের পিয়ন ইদ্রিস আলী বলেন, ‘আমার কাজ গ্রামে ঘুরে মানুষের হাতে চিঠি পৌঁছে দেওয়া। নিজস্ব কার্যালয় না থাকায় ফেরত চিঠিগুলো সংরক্ষণ করা যাচ্ছে না। ঝুঁকি নিয়ে এসব নিজের বাড়িতে রাখতে হচ্ছে।’
ইকরচালী ডাকঘরেরও কার্যক্রম চলে ইউপির একটি পরিত্যক্ত কক্ষে। জগদীশপুর গ্রামে সাইদুল হক বলেন, ‘হামার এলাকার লোক ভুলি গেইছে পোস্ট অফিস আছে কি না?’ ওই ডাকঘরের পিয়ন আতিয়ার রহমান বলেন, ‘নিজেদের ভবন নেই, আসবাব নেই। ইউপির ওই পরিত্যক্ত কক্ষে কাজ চালাতে হচ্ছে। ওই কক্ষে চেয়ার-টেবিল, বিদ্যুৎ নাই। জানালা দুখানও ভাঙা। টিনের ছিদ্র দিয়া ঘরোত পানি পড়ে। ফাঁক দিয়া ইঁদুর, সাপ ঢোকে। ভয়ে এটে দিনোতে থাকবার মন চায় না। প্রতি মাসে এগুলা সমস্যার কথা স্যারের ঘরক কই, কাজ হয় না। ঘর না দেয়, না দেউক, চেয়ার-টেবিলও দেয় না।’ পোস্টমাস্টার নয়ন মিয়া বলেন, ‘বিদ্যুৎহীন ও নিরাপত্তাহীন অফিস চুরি যাওয়ার ভয়ে প্রতিদিন উপকরণগুলো নিয়ে আসি আবার কাজ শেষে বাড়ি নিয়ে যাই।’
সয়ার ইউনিয়নের বুড়িরহাট পোস্ট অফিস খোঁজ করে পাওয়া যাচ্ছিল না। বুড়িরহাট বাজারের চাল ব্যবসায়ী আমিনুল হক বলেন, ডাকঘরের কার্যক্রম চলে পোস্টমাস্টারের বাড়ি ও দোকানে।
বুড়িরহাট বাজারে কথা হয় পোস্টমাস্টার রওশন আলীর সঙ্গে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘পোস্ট অফিসের নিজের ঘর তুলইবার কথা কইলে স্যারেরা জমি চায়। কায়ও জমি দেয় না, আর ঘরও হয় না। এ জন্য বাড়িতে কাজ করতে হয়।’
এদিকে কেল্লাবাড়ী ডাকঘরের কাজ চলছে অন্যের দোকানে। এ ছাড়া শামগুজ ডাকঘরের কাজ চলছে ইউনিয়ন ভূমি অফিসের একটি কক্ষে।
এ ব্যাপারে উপজেলা ডাকঘরের পরিদর্শক মজনুর রহমান বলেন, নিজস্ব জমি না থাকায় ডাকঘরগুলোর ভবন হচ্ছে না। কেউ ডাকঘরের নামে তিন শতক জমি দান করলে সেখানে ভবন নির্মাণ করা হবে। আর নতুন ভবন ছাড়া আসবাব সরবরাহ করাও সম্ভব নয়।