ডাকটিকিট ও মুদ্রার নিলাম
বীরশ্রেষ্ঠ ব্যক্তিদের ছবিসংবলিত এক সেট ডাকটিকিট বিক্রি হলো ৩৬০ টাকায়। স্মারক খামের সঙ্গে একটি বিশেষ মুদ্রা ৪২০ টাকায় কিনলেন আরেক সংগ্রাহক। রাজধানীর ডাক ভবনে গতকাল শুক্রবার এভাবেই শুরু হয় ২২৫তম ডাকটিকিটের নিলাম।নিলামে দেশি-বিদেশি ডাকটিকিট ছাড়াও ব্যাংকনোট, ধাতব মুদ্রা, স্মারক খাম, অ্যালবামসহ প্রায় দেড় হাজার উপকরণ ওঠে। সংগ্রহকারীরা এগুলো নিলামে নিয়ে আসেন। ডাক বিভাগের সহায়তায় ফিলাটেলিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি) এ নিলামের আয়োজন করে। আজ শনিবারও সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নিলাম চলবে।বাংলাদেশ বিষয়ক ডাকটিকিট, স্মারক খাম ও ব্যাংকনোট সংগ্রাহক এ জেড এম আখলাকুর রহমান নিজের সংগ্রহ থেকে ডাকটিকিটসহ নয়টি উপকরণ নিলামে আনেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকাশিত বাংলাদেশ-সংক্রান্ত ডাকটিকিট, ব্যাংকনোটসহ অন্যান্য উপকরণ রয়েছে তাঁর সংগ্রহে।নিলাম উদ্বোধন করার সময় ঢাকা মেট্রোপলিটন সার্কেলের পোস্টমাস্টার জেনারেল পি সি সাহা বলেন, ‘ডাকটিকিট ইতিহাসের অংশ। এগুলো অত্যন্ত মূল্যবান। এ নিলাম ডাকটিকিট সংগ্রহকারীদের আরও সমৃদ্ধ করবে।’পিএবির সাধারণ সম্পাদক এ টি এম আনোয়ারুল ইসলাম সূচনা বক্তব্যে বলেন, ‘ডাকটিকিটসহ এ-সংক্রান্ত সংগ্রহের ভান্ডার আরও সমৃদ্ধ করতে এই উদ্যোগ অব্যাহত থাকবে।’