ডাকটিকিটে শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯১ সালের ১৪ ডিসেম্বর ডাক বিভাগ প্রকাশ করে স্মারক ডাকটিকিট। বুদ্ধিজীবী হত্যা শুরু হয় একাত্তরের ২৫ মার্চের কালরাত থেকেই। চলে ১৬ ডিসেম্বরের সেই অবিস্মরণীয় বিজয় পর্যন্ত।
১৯৯১ সালের ১৪ ডিসেম্বর ডাক বিভাগ প্রকাশ করে স্মারক ডাকটিকিট। বুদ্ধিজীবী হত্যা শুরু হয় একাত্তরের ২৫ মার্চের কালরাত থেকেই। চলে ১৬ ডিসেম্বরের সেই অবিস্মরণীয় বিজয় পর্যন্ত।

মুক্তিযুদ্ধ চলাকালে ২৯ জুলাই ১৯৭১ অস্থায়ী মুজিবনগর সরকার আটটি ডাকটিকিটের একটি সেট প্রকাশ করে। সেই সেটের মধ্যে ২০ পয়সা মূল্যের দ্বিতীয় ডাকটিকিটের বিষয় ছিল ‘২৫-২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ’। সেই অর্থে বাংলাদেশের প্রথম ডাকটিকিটের সিরিজেই মুক্তিযুদ্ধের সূচনাপর্বে নির্মমভাবে নিহত বুদ্ধিজীবীদের আমরা স্মরণ করেছিলাম।
একাত্তরের ২৫ মার্চ কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে ইতিহাসের নির্মম এক গণহত্যার সূচনা করে পাকিস্তান সামরিক বাহিনী। বাঙালিরা নামে মুক্তিসংগ্রামে। এক রক্তক্ষয়ী গণযুদ্ধের মধ্য দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আসে স্বাধীনতা। কিন্তু ১৬ ডিসেম্বরের সেই অবিস্মরণীয় বিজয়ের দুই দিন আগে পশ্চিম পাকিস্তানি বাহিনী সুপরিকল্পিতভাবে হত্যা করে দেশের শ্রেষ্ঠ সন্তানদের। তাদের উদ্দেশ্য ছিল, এ জাতির স্বপ্ন ও সৃষ্টিশীলতার উৎস উৎপাটন করে ফেলা। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা আনত হয়ে স্মরণ করি দেশের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, দার্শনিক ও ভাবুকদের।
বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের স্মরণে দেশের নানা জায়গায় স্থাপন করা হয়েছে অসংখ্য ভাস্কর্য, সৌধ ও স্মৃতিফলক। বাংলাদেশ ডাক বিভাগও ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত তাঁদের স্মরণে প্রকাশ করেছে নয়টি ডাকটিকিটের সিরিজ। এই নয়টি সিরিজে প্রকাশিত হয়েছে মোট ১৫২ জন শহীদ বুদ্ধিজীবীর ছবিসংবলিত স্মারক ডাকটিকিট। ডাকটিকিটের সঙ্গে এই বুদ্ধিজীবীদের জীবনবৃত্তান্ত-সংবলিত নয়টি পুস্তিকাও বের করা হয়েছে। প্রতিটি ডাকটিকিটের মূল্যমান দুই টাকা।
বাংলাদেশের ডাকটিকিটে প্রথমবারের মতো আমরা শহীদ বুদ্ধিজীবীদের পাই ১৪ ডিসেম্বর ১৯৯১-এ প্রকাশিত তিনটি শিটলেটে (ডাকটিকিট সংযুক্ত পাতা)। প্রতিটি শিটলেটে ১০টি করে মোট ৩০টি ডাকটিকিট স্থান পায়। এরপর ১৯৯২ সালেই শুধু এই সিরিজের ডাকটিকিট বেরোয়নি। এ ছাড়া ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রতিবছরই এ ডাকটিকিটের সিরিজটি প্রকাশিত হয়েছে।
ডাকটিকিটের সিরিজের মধ্য দিয়ে আমরা যাঁদের পেয়েছি, তাঁদের মধ্যে আছেন শিক্ষাবিদ ড. গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক এ এন এম মুনীরুজ্জামান, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, সমাজসেবক রণদাপ্রসাদ সাহা, নাট্যকার ও অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন, ডা. মোহাম্মদ ফজলে রাব্বী, আয়ুর্বেদ শাস্ত্রবিশারদ অধ্যক্ষ যোগেশচন্দ্র ঘোষ, অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য, শিক্ষাবিদ মোহাম্মদ আনোয়ার পাশা, শিক্ষাবিদ মোফাজ্জল হায়দার চৌধুরী, সংগীতশিল্পী আলতাফ মাহমুদ, সাংবাদিক শহীদুল্লা কায়সার, ডা. আবদুল আলীম চৌধুরী, অধ্যাপক রাশীদুল হাসান, জহির রায়হান, অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, শহীদ সাবের, কবি মেহেরুননিসা, কবি সেলিনা পারভীন প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবীদের ডাকটিকিটগুলো অভিন্নতা দিয়েছে একটি করে অবিকল নকশার গাটার (একই পাতায় সংযুক্ত ডাকটিকিটের মাঝের অংশ, অনেক সময় সেখানে প্রকাশের উপলক্ষের কারণটি স্থান পায়)। একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান বাহিনী এবং তাদের আলবদর ও আলশামসদের হাতে নিহত বাংলাদেশের বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধটি গাটারে জুড়ে দেওয়া হয়েছে। আর সেখানে উৎকীর্ণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অমর সেই চরণ, যেন আমাদের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণেই তা রচিত:
‘উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই ওরে ভয় নাই—
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই...