ডাকপিয়নের কাণ্ড!
ঠিকানা ভুল করে জীবন বীমা করপোরেশনের মরণোত্তর দাবির ১ লাখ ৩৬ হাজার টাকার একটি চেক ব্যাংকের কাছে না দিয়ে ডাকপিয়ন সিরাজগঞ্জ প্রেসক্লাবে বিলি করেছেন। পরে চেকটি গতকাল রোববার সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেলের কাছে হস্তান্তর করা হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মরিয়ম বেগম নামের এক নারীর জীবনবিমার মরণোত্তর দাবির বিপরীতে ২০১৫ সালের ২৬ এপ্রিল অগ্রণী ব্যাংক লক্ষ্মীপুর জেলার প্রধান শাখা থেকে সোনালী ব্যাংক সিরাজগঞ্জ প্রধান শাখার একটি সঞ্চয়ী হিসাবে ১ লাখ ৩৬ হাজার ১২৪ টাকার একটি চেক দেয়। চেকটি সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের ডাকপিয়ন ভুল করে সিরাজগঞ্জ প্রেসক্লাবে বিলি করে যান। তারপর বিভিন্ন কাগজপত্রের মধ্যে ওই চেকসহ জীবন বিমার একটি চিঠি অনেক দিন ধরে প্রেসক্লাবে পড়ে থাকে। গত শুক্রবার দুপুরে পুরোনো কাগজের মধ্যে ওই চিঠিটি পেয়ে সেটি খুলে দেখা যায় যে ওই খামে উল্লেখিত অঙ্কের টাকার চেক রয়েছে। গতকাল রোববার সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার কামাল মোস্তফা শরীফের কাছে চেকটি আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।