ডাকবাংলো নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ডাকবাংলো নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি জেলা পরিষদের প্রশাসক আবু ওসমান চৌধুরী নব নির্মিত ডাকবাংলো পরিদর্শনে আসেন। পুরাতন অবকাঠামোর ওপর নতুন ভবন নির্মাণ, উপসহকারী প্রকৌশলীর ভাইকে ঠিকাদার নিয়োগ ও নিন্মমানের কাজ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১২-২০১৩ অর্থবছরে ডাকবাংলো নির্মাণে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। অধিক মুনাফার আশায় এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমানের কাছ থেকে কাজটি কিনে জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুস সালাম তাঁর ভাই আবুল কালামকে দেন।এর আগে ২০০৫ সালে মৌরী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ১৮ লাখ টাকায় ডাকবাংলোর কাজ শুরু করে। ওই সময় ঠিকাদার ছাদ বাদে একতলা ভবনের বেশির ভাগ কাজ করে আট লাখ টাকার বিল তোলেন। পরে মামলা-মোকদ্দমাসহ নানা জটিলতায় ঠিকাদার কাজ শেষ করতে পারেননি। ২০১২-২০১৩ অর্থবছরে সম্পূর্ণ নতুন ভবন নির্মাণের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়। আগের ভবন ভেঙে নতুন ভিত দিয়ে ভবন নির্মাণের নির্দেশ ছিল। কিন্তু তা করা হয়নি। অন্য অনিয়মগুলোর মধ্যে ছাদের কাজে প্রয়োজনীয় রড না দেওয়া, চিকন রড ব্যবহার, দরজায় নিন্মমানের কাঠ ব্যবহার, সোফাসেটের সঙ্গে টি-টেবিল না দেওয়া, মেঝেতে টাইলস না বিছানো উল্লেখযোগ্য।জেলা পরিষদের একাধিক ঠিকাদার অভিযোগ করেন, সহকারী ও উপসহকারী প্রকৌশলী নিজের লোক দিয়ে কাজ করে সিংহভাগ অর্থ হাতিয়ে নিয়েছেন। কিন্তু নিয়ম অনুযায়ী জেলা পরিষদের কার্যালয়ের কোনো চাকরিজীবীর আত্মীয়স্বজন ঠিকাদারি কাজে অংশ নিতে পারে না। উপসহকারী প্রকৌশলী আবদুস সালাম তাঁর ভাইকে দিয়ে কাজ করানোর কথা স্বীকার করে বলেন, ‘ঠিকাদার কাজ নিয়ে ঠিকমতো করে না। এর আগেও এক ঠিকাদার কাজটি নিয়ে শেষ না করে চলে গেছে। তাই সঠিকভাবে কাজ সম্পন্ন করানোর জন্য ভাইকে দিয়ে করিয়েছি। এতে কোনো অনিয়ম হয়নি।’জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাহতাব উদ্দিন বলেন, ‘যেসব অভিযোগের কথা বলা হচ্ছে, আপনি আমার কার্যালয়ে এসে নথিপত্র দেখেন, কোনো সমস্যা পাবেন না।’ উপসহকারী প্রকৌশলীর ভাই আবুল কালামকে দিয়ে ঠিকাদারি কাজ করানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন।জেলা পরিষদের প্রশাসক আবু ওসমান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, ঠিকাদারকে পরবর্তী বিল পরিশোধ না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।