কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ তিন দিন ধরে সরকারি ডাকবাংলোয় অবস্থান করে প্রচারকাজ চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের কাছে এই অভিযোগ করেন। তিনি বলেন, রেজওয়ান আহম্মদ সরকারি ডাকবাংলোয় রীতিমতো প্রচার ক্যাম্প খুলে বসেছেন। দলবল নিয়ে সেখান থেকে প্রচারকাজ চালিয়ে যাচ্ছেন। তাঁদের পুলিশি পাহারাও দেওয়া হচ্ছে। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানাবেন।
তবে পুলিশ পাহারার অভিযোগ অস্বীকার করেছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান। তিনি জানান, সরকারি স্থাপনায় পুলিশের পাহারার অংশ হিসেবে ডাকবাংলোর পাশ দিয়ে যদি টহল থাকে, তবে তা স্থায়ী নিরাপত্তার সঙ্গে মেলানো ঠিক না।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে এমন অভিযোগ পেয়েছি। কিন্তু দাপ্তরিক কাজে ঢাকায় থাকায় খোঁজ নেওয়া সম্ভব হয়নি। যদি কেউ ডাকবাংলোয় থেকে প্রচারণা চালিয়ে থাকেন, তাহলে তা আচরণবিধি লঙ্ঘন হবে। আগামীকাল (আজ শুক্রবার) বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
ডাকবাংলো-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাংলোর চারটি কক্ষ বুকিং নেন কিশোরগঞ্জ জেলা বারের সভাপতি শাহ আজিজুল হক। সেখানে রেজওয়ান আহম্মদ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসানসহ ১০-১২ জন রাত্র যাপন করছেন। আগামীকাল শনিবার পর্যন্ত ডাকবাংলোয় তাঁদের অবস্থান করার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রেজওয়ানকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে প্রচারণার কাজে ডাকবাংলো ব্যবহারের কথা অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মঙ্গলবার থেকে রেজওয়ান আহম্মদ শুধু রাত্র যাপনের জন্য ডাকবাংলো ব্যবহার করছেন। তিনি রাত ১২টায় এসে ভোরে প্রচারণার জন্য বাইরে চলে যাচ্ছেন।
সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়। এ আসনে তিনি সাতবার নির্বাচিত হয়েছেন। এ আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। আগামী ৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, রেজওয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ি অষ্টগ্রাম। এ কারণে রেজওয়ান অষ্টগ্রামে জোরেশোরে প্রচারণা চালানোর পরিকল্পনা করেছেন। মঙ্গলবার থেকে গতকাল পর্যন্ত উপজেলা সদর, বাঙ্গলপাড়া, দেউউঘর, কাস্তুল ইউনিয়নে প্রচারণা সেরেছেন। বাকি দুদিনে আদমপুর ও আবদুল্লাহপুর ইউনিয়নে প্রচারণা চালানোর কথা রয়েছে।