ডাকবাক্সগুলো রং করেই সংস্কার কাজ সম্পন্ন!
সিলেট নগরে ভাঙাচোরা ডাকবাক্সগুলো সংস্কার না করে কেবল রং লাগিয়েই কাজ সম্পন্ন করেছে ডাক বিভাগ। গত ২৯ নভেম্বর প্রথম আলোয় ‘সিলেটে ডাকবাক্স ভাঙাচোরা’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।ডাক বিভাগ সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাস্তার পাশে ৭১টি ডাকবাক্স রয়েছে। বহুদিন ধরে সংস্কার না হওয়ায় এসব ডাকবাক্স ভেঙেচুরে বিবর্ণ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বাক্সের ভেঙে পড়া লোহা ও বড় বড় ছিদ্র মেরামত না করে কেবল রং লাগিয়ে সংস্কারকাজ করা হয়েছে। সুরমা পয়েন্ট এলাকার ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, ‘আমাদের এখানকার বাক্সটিতে শুধু রং লাগানো হয়েছে। অথচ এটির লোহা ক্ষয় হতে হতে যে বিশাল ফুটো তৈরি হয়েছে, সেটি মেরামত করা হয়নি। ফলে বাক্সটি এখনো কোনো কাজে আসছে না।’সিলেট ডাক বিভাগের সহকারী পোস্টমাস্টার জেনারেল ও পোস্টমাস্টার মুহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, তিন-চারটা ডাকবাক্স ব্যবহারের একেবারেই অনুপযোগী। বাকিগুলো মোটামুটি ব্যবহার করা যায় বলেই হাজার তিনেক টাকা খরচ করে নগরের ডাকবাক্সগুলো রং করে আপাতত সংস্কার করা হয়েছে। পুরোপুরি সংস্কারের জন্য বিকল্প উপায় খোঁজা হচ্ছে। শিগগিরই সেটি বাস্তবায়ন করা হবে।