ডাকযোগে পদত্যাগপত্র পাঠাতে চায় জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও বিমানমন্ত্রী রুহুল আমিন হাওলাদার দাবি করেছেন, দলের মন্ত্রী-উপদেষ্টাদের পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েও পাননি। তাই জাপার মন্ত্রী-উপদেষ্টারা ডাকযোগে তাঁদের পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন।

জাপার মহাসচিব গতকাল রোববার বেলা একটা ৫০ মিনিটে এইচ এম এরশাদের বাসভবনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, গতকাল বিকেল চারটা পর্যন্ত রুহুল আমিন হাওলাদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য তাঁর কার্যালয়ের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগই করেননি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে বলেন, তাঁরা কার কাছে সময় চেয়েছেন, কে তাঁদের সময় দেননি, সেটি বলছেন না। মাত্র দুই দিন আগেও তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তিনি আরও বলেন, মন্ত্রী হিসেবে পতাকা নিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকলে কেউ আটকাবে না, এ জন্য কারও অনুমতির প্রয়োজন নেই। তবে প্রধানমন্ত্রীর কক্ষে ঢুকতে অনুমতি লাগবে। প্রধানমন্ত্রী ব্যস্ত থাকলে তাঁর কর্মকর্তাদের কাছেও পদত্যাগপত্র দিতে পারতেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে কার সঙ্গে যোগাযোগ করেছিলেন, জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার প্রথম আলোর কাছে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ডাকযোগে পদত্যাগপত্র পাঠানোর সিদ্ধান্তে অটল থাকার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পরিচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোনো মন্ত্রী পদত্যাগ করতে চাইলে ফ্যাক্সে বা ই-মেইলেও পদত্যাগপত্র পাঠানোর সুযোগ আছে। আবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছেও পদত্যাগপত্র জমা দেওয়া যায়। কিন্তু ডাকযোগে মন্ত্রীর পদত্যাগপত্র পাঠানোর নজির নেই।

এদিকে গত রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করেন জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার। তিনি বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জাপার মন্ত্রী-উপদেষ্টারা যোগ দেবেন না।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাইলে জাপার মহাসচিব বলেন, রাষ্ট্রপতি চিকিত্সা শেষে দেশে ফিরেছেন। তাঁর শারীরিক অবস্থার খবর নিতে জাপার চেয়ারম্যান এরশাদ তাঁকে পাঠিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার এরশাদ বলেছিলেন, দলের মন্ত্রীরা তাঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি দেশে ফিরলে তাঁর কাছে সরাসরি পদত্যাগপত্র দেওয়া হবে। রাষ্ট্রপতি গত শনিবার দেশে ফিরেছেন। অবশ্য সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে মন্ত্রীদের সরাসরি পদত্যাগের কোনো সুযোগ নেই।

এদিকে গতকাল সকাল সাড়ে নয়টায় এরশাদের সঙ্গে তাঁর বাসায় জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বৈঠক করেন। বৈঠক শেষে দলের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফিং করেন রুহুল আমিন হাওলাদার ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।

এ সময় জি এম কাদের বলেন, ‘আজ থেকে আমরা সর্বদলীয় সরকার থেকে আমাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি।’ তিনি আরও বলেন, এই নির্বাচন বাঞ্ছনীয় নয়, এটা গ্রহণযোগ্য হবে না। জাপা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নেবে না। তবে নির্বাচন পেছালে এবং পরিবেশ সৃষ্টি করলে তাতে অংশ নেওয়ার কথা বলেন তিনি।

এরপর বেলা সোয়া একটার দিকে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদের পদত্যাগপত্র দলের চেয়ারম্যান এরশাদের হাতে এসে পৌঁছেছে।

তবে গতকালও প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ। প্রায় আধা ঘণ্টা পর দুজনই বের হয়ে যান। জাতীয় পার্টির এই দুই নেতা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। এঁদের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছেন রওশন এরশাদ। জাপার এই তিন মন্ত্রী-উপদেষ্টা সরকারে থেকে যাওয়ার তত্পরতায় যুক্ত আছেন বলে জানা গেছে।

আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র জাপার চেয়ারম্যান এরশাদ গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আকস্মিক ঘোষণা দেন। পরদিন নির্বাচনকালীন সরকার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বৃহস্পতিবার তাঁর দলের সাত মন্ত্রী-উপদেষ্টা পদত্যাগ করবেন বলেও জানান। এরপর গত কয়েক দিন জাপাকে নির্বাচনে ধরে রাখতে সরকারের বিভিন্ন তত্পরতা এবং পদত্যাগ নিয়ে এরশাদসহ তাঁর দলের নেতাদের নানা বক্তব্য রাজনৈতিক মহলে ‘তামাশার’ বিষয় হয়ে দাঁড়িয়েছে।