ডাকসাইটে নেতা আজ পথে
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে তিন দিন ধরে পড়ে ছিলেন তিনি। সারা শরীর ছিল মলমূত্রে মাখা। দুর্গন্ধে কাছে যাওয়া যাচ্ছিল না। গত বৃহস্পতিবার তাঁকে চিনতে পারেন পার্বতীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং স্টার ক্লাবের পরিচালক। মানুষটি আর কেউ নন। আওয়ামী হকার্স লীগের একসময়কার ত্যাগী নেতা হাসেম আলী (৭০)।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন হাসেম আলী। দলের দুর্দিনে একদিন যিনি নিজের জীবনবাজি রেখেছিলেন, আজ তাঁর খোঁজ নেয় না কেউ।
ইয়াং স্টার ক্লাবের পরিচালক আমজাদ হোসেন বলেন, ‘হাসেম আলী পঁচাত্তর-পরবর্তী সময় থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী হকার্স লীগের পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। যে সময়টায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর চলছিল চরম দমন-পীড়ন তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে প্রকাশ্যে দলের মিছিল-সমাবেশের নেতৃত্ব দিয়েছেন। এমন একজন ত্যাগী নেতাকে স্টেশনে ওভাবে পড়ে থাকতে দেখে অবাক হয়েছি। চোখের জল ধরে রাখতে পারিনি।’
আমজাদ হোসেন জানান, স্টেশনে হাসেম আলীকে পাওয়ার পর তাঁর বাড়িতে খোঁজ নেন। ওখানে এখন অন্য লোকজন থাকে। প্রতিবেশীদের কাছ থেকে জানতে পেরেছেন, নানা রাজনৈতিক চাপ আর অভাব-অনটনে ২০০১ সালের পর হাসেম আলীর স্ত্রী-সন্তান বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যান। কিন্তু হাসেম আলী থেকে যান পার্বতীপুরেই।
হাসপাতালে মুমূর্ষু হাসেম আলী অস্পষ্ট স্বরে বলেন, ‘আমার কিছু চাওয়ার নেই। বঙ্গবন্ধু হত্যার বিচার দেখতে চেয়েছিলাম, তা দেখেছি। এখন একটাই দাবি, শহীদের রক্তে রঞ্জিত এ দেশে কোনো রাজাকারের যেন ঠাঁই না হয়।’ এই বলে নীরব হন তিনি।
হাসপাতালের চিকিৎসক হুমায়ুন রশিদ বলেন, হাসেম আলীর অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো দরকার।
পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন বলেন, ‘হাসেম আলীর এই অবস্থার জন্য আমরা সবাই দায়ী। তাঁর বিষয়ে ওপরে জানানো হবে।’