ডাকসু নির্বাচন দিতে শিক্ষামন্ত্রীর প্রতি সেতুমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ছাত্রলীগের দুই দিনব্যাপী ‘বর্ধিত সভা ও কর্মশালা ২০১৬’-এর উদ্বোধনকালে ওবায়দুল কাদের এ আহ্বান জানান। তিনি বলেন, গত ২৪ বছর ডাকসু সচল থাকলে ৪৮ জন নেতা পাওয়া যেত। গণতন্ত্র ও নেতৃত্বের বিকাশের জন্য এই নির্বাচন দেওয়া উচিত।
সভায় ওবায়দুল কাদের বলেন, ‘আমার আক্ষেপ আছে, আমি ডাকসুর ভিপি হতে পারিনি। কিন্তু এখান থেকে নেতা বানিয়েছি। তাই ডাকসুর নেতা তৈরির এই প্রোডাকশনটা আমাদের খুলে দেওয়া উচিত। ছাত্রনেতা থেকে জাতীয় নেতা সৃষ্টি হওয়ার জন্য এটি চালু হওয়া উচিত।’
মন্ত্রী বলেন, ছাত্ররাজনীতিকে আকর্ষণীয় করে তুলতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। বর্তমানে দেশের রাজনীতি অশিক্ষিত ও অর্ধশিক্ষিত লোকেরা আঁকড়ে আছেন। রাজনীতিতে এখন শিক্ষাগত যোগ্যতার কারচুপির ঢল নেমেছে। অশিক্ষিত ও অর্ধশিক্ষিত ব্যক্তিরা শিক্ষিত ব্যক্তিদের ওপর প্রভাব রাখছেন। এ সময় তিনি ছাত্রনেতাদের বক্তব্যে জাতীয় রাজনীতি নিয়ে কথা বলার আগে ছাত্রদের সমস্যা নিয়ে কথা বলার আহ্বান জানান।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান, এনামুল হক শামীম প্রমুখ বক্তব্য দেন।