ডাকসু নির্বাচন নিয়ে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈঠকে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল। ছবি: দীপু মালাকার
বৈঠকে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল। ছবি: দীপু মালাকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে উপলক্ষ করে সব কটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ। আজ রোববার দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল শ্রেণিকক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তাঁর সঙ্গে আছেন সহ–উপাচার্য নাসরিন আহমাদ ও আবদুস সামাদ, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন, প্রক্টর গোলাম রব্বানী প্রমুখ।

বৈঠকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র ফ্রন্ট, ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত আছেন।

অনেক দিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও অন্যরা। ছবি: দীপু মালাকার
অনেক দিন পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও অন্যরা। ছবি: দীপু মালাকার

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত আছেন।

বৈঠক উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতারা রেজিস্ট্রার ভবনে আসেন। তাঁরা রিকশায় করে সভাস্থলে আসেন। এর পরপরই ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গাড়িতে করে সভাস্থলে উপস্থিত হন। তাঁদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের যুগ্ম আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম।