ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ঘোষণা করেছে গণতান্ত্রিক ঐক্য পরিষদ। বিশ্ববিদ্যালয় সিনেটের আসন্ন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে সরকার-সমর্থক বিভিন্ন পেশার সাবেক শিক্ষার্থীরা এই পরিষদের অধীনে অংশ নেবেন।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সাতটি প্রত্যয় ও কর্মসূচির ঘোষণা দেন প্রার্থীরা। এর মধ্যে ৬ নম্বরে রয়েছে ডাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়ার বিষয়টি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিষদের সদস্যসচিব ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন চুন্নু বলেন, ‘ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আমাদের কথা হয়েছে। উপাচার্য ডাকসু নির্বাচনের মাধ্যমে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে পদক্ষেপ নেবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিগগিরই ডাকসু নির্বাচনের ব্যবস্থা হবে।’
অন্য প্রত্যয় ও কর্মসূচিগুলো হলো ১৯৭৩-এর আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সমুন্নত রাখা, সিনেটের মাধ্যমে নির্বাচিত উপাচার্য নিয়োগ করা, শিক্ষা ও গবেষণা খাতে অর্থ বরাদ্দ বাড়ানো, নতুন বিভাগ, ইনস্টিটিউট ও ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আবাসনসুবিধা বাড়ানো, প্রশাসনে জবাবদিহি নিশ্চিত করা এবং বছরে দুটি সিনেট অধিবেশন আহ্বান করা।
উচ্চ আদালতের রায়ে সিনেট পূর্ণাঙ্গ করার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিকেরা জানতে চান, নির্বাচিত হয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা আগে অধিবেশনে বসতে চান, নাকি ডাকসুর মাধ্যমে ছাত্র প্রতিনিধিসহ পূর্ণাঙ্গ সিনেটের অধিবেশনে বসবেন। জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আদালতের রায়ে উপাচার্য প্যানেল নির্বাচন করতে সিনেটের অধিবেশন ডাকার আগে সিনেট পূর্ণাঙ্গ করার কথা বলা হয়েছে।
আগামী ৬, ১৩ ও ২০ জানুয়ারি সারা দেশের বিভিন্ন জেলার ৪৫টি ভোটকেন্দ্রে এই নির্বাচন হবে। সারা দেশে প্রায় ৪৪ হাজার রেজিস্টার্ড গ্র্যাজুয়েট আছেন, যাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সিনেটে এঁদের মধ্য থেকে ২৫ জন প্রতিনিধি রাখতে হয়।
বাহালুল মজনুন ও অধ্যাপক মাকসুদ কামালসহ গণতান্ত্রিক ঐক্য পরিষদের অন্য প্রার্থীরা হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) অধ্যাপক মাহফুজা খানম, বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি রঞ্জিত কুমার সাহা, কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক মো. আবদুল আজিজ, এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম এনামুল হক চৌধুরী, জনতা ব্যাংকের ফার্স্ট এজিএম এ বি এম বদরুদ্দোজা, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদউদ্দিন, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ আবদুল বারী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন, কৃষি ব্যাংকের জিএম মো. লিয়াকত হোসেন মোড়ল। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মদ সামাদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সাদেকা হালিম, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম সরকার, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এমরান কবির চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা এবং ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী প্রার্থী হয়েছেন।