দুই দশকেরও অধিক সময় ধরে বন্ধ থাকা ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তাঁরা। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ২৭ ফেব্রুয়ারি থেকে আগামী ২ মার্চ পর্যন্ত ডাকসুর দাবিতে প্রচার সপ্তাহ এবং ৩ মার্চ দুপুর ১২টায় অপরাজেয় বাংলায় বিক্ষোভ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র মওদুদ মিষ্টি। তিনি বলেন, ‘ডাকসু চালু থাকলে এবং নির্বাচনগুলো সময়মতো হলে আমরা ৪৪ জন দক্ষ ছাত্রনেতা ও রাজনীতিবিদ পেতাম। তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের দাবি জানাচ্ছি।’ ডাকসু ম্যুরালের সামনে এই সংবাদ সম্মেলন করে সাধারণ শিক্ষার্থীদের এই মঞ্চ। এ সময় শিক্ষার্থী অধিকার মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডাকসুর সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে।