ডাকসু নির্বাচনের পদক্ষেপ নিতে আইনি নোটিশ
অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও কোষাধ্যক্ষকে আইনি নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। একই দাবিতে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল ৩১ জন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ ডাকযোগে নোটিশটি পাঠান। নোটিশে এক সপ্তাহের মধ্যে ডাকসু নির্বাচনের বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সংবিধান অনুযায়ী প্রতিবছর ডাকসু নির্বাচন হওয়ার কথা। গত ২০ বছরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেয়নি। তাদের এই ব্যর্থতার কারণে হাজার হাজার শিক্ষার্থী তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মানববন্ধন: অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’ এই মানববন্ধনের আয়োজন করে। দাবি আদায়ে ১৫ মার্চ দুপুরে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।