ডাকা হলো শিক্ষকদের ফুল দিল ছাত্রলীগ!
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বিজয় দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনপিপন্থী শিক্ষক ও ছাত্রলীগের মধ্যে হট্টগোল হয়েছে।
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনের নাম ঘোষণার পর স্মৃতিস্তম্ভে ছাত্রলীগ ফুল দিলে এ হট্টগোল বাধে। এ সময় ১৫ মিনিট পুষ্পস্তবক অর্পণ হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘মরণ সাগরে’ গতকাল সকালে উপাচার্য পুষ্পস্তবক অর্পণের পর আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘গণতান্ত্রিক শিক্ষক ফোরাম’সহ কয়েকটি সংগঠন ফুল দেয়। পরে ‘জাতীয় দিবস উদ্যাপন কমিটি’ ফুল দিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালি দলের’ নাম ঘোষণা করে। কিন্তু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ওই দলের শিক্ষকদের এগোতে না দিয়ে নিজেরা পুষ্পস্তবক দিতে যায়। ফুল দেওয়া শেষে ছাত্রলীগ ‘বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেয়।
এ সময় উপাচার্য রফিকুল হকের উপস্থিতিতে উদ্যাপন কমিটি ও প্রশাসনের সঙ্গে বিএনপিপন্থী শিক্ষকদের বাগ্বিতণ্ডা হয়। শিক্ষকেরা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে তাঁদের হেয় প্রতিপন্ন ও কটূক্তি করার অভিযোগ তোলেন। পরে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা অনুরোধ করলেও বিএনপিপন্থী এসব শিক্ষক স্মৃতিস্তম্ভে ফুল না দিয়েই চলে যান।
সোনালি দলের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা অভিযোগ করেন, ‘আমাদের নাম ঘোষণার পর ছাত্রলীগ ফুল দিতে এগিয়ে গেলে উপাচার্যসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। কিন্তু তখন তাঁরা একটি কথাও বলেননি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘যাঁরা রাজাকারদের সঙ্গে নিয়ে রাজনীতি করেন, তাঁরা শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিলে মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়। ছাত্রলীগ শহীদদের বেদিতে উঠে লোক দেখানো ফুল দেওয়া সহ্য করে না। আর আওয়ামীপন্থী শিক্ষকদের পরেই আমরা ফুল দেব, এটা তো ছাত্রবিষয়ক বিভাগকে আমরা গতকাল (সোমবার) জানিয়েছি।’
উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ছাত্রবিষয়ক উপদেষ্টা জহিরুল হক খন্দকার বলেন, ‘ছাত্রলীগ ওঠার সময় এ বিষয়ে আমি প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করি।’