ডাকাত অভিযোগে গণপিটুনি নিহত ১, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের বাপনাপুকুর এলাকার গত বুধবার দিবাগত রাতে ডাকাত অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন৷
মিরসরাই থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে মো. রনি (২৭) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে৷ এ সময় দেশে তৈরি একটি বন্দুক, ছয়টি গুলি, একটি শাবল ও দুটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়৷
বাপনাপুকুর এলাকার অলি আহম্মদ ভূঁঞা বাড়ির হাছনা বানু (৬৫) নামের এক নারী বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২ জন মুখোশপরা ডাকাত দরজা ভেঙে তাঁদের বসতঘরে প্রবেশ করে৷ ডাকাতেরা ঘরে ঢুকে দেড় বছরের শিশু সাঈদ আজমলের গলায় ছুরি ধরে ঘরের সব সদস্যকে জিম্মি করে। এ সময় ডাকাতের পিটুনিতে তিনিসহ তিনজন আহত হন। পরে ডাকাতেরা আলমিরা ও শোকেস ভেঙে চার ভরি স্বর্ণালংকার ও ছয়টি মুঠোফোন সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে বিষয়টি মসজিদের মাইকে প্রচার করে। পরে এলাকাবাসী ঘেরাও করে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয়৷ এতে সে মারা যায়।
স্থানীয় সূত্র জানায়, এর আগে ওই ডাকাত দল মায়ানী ইউনিয়নের বড়ুয়াপাড়ায় সাবেক সেনাসদস্য শিপনের বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন৷
শিপন বলেন, ডাকাতেরা তাঁর ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) অলিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহত ডাকাতের লাশ এবং গুলিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে রাজু নামে আরও এক ডাকাতকে মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকা থেকে আটক করা হয়েছে।