ডাকাত আটকালেন গৃহবধূ
গভীর রাতে একদল ডাকাত ঢুকে লুটে নিচ্ছিল ঘরের জিনিসপত্র। গৃহবধূ ও তাঁর তিন সন্তানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলাও চালায় ডাকাতেরা; কিন্তু দমে যাননি গৃহবধূ। এক ডাকাতকে জাপটে ধরে তিনি চেঁচাতে শুরু করেন। তাঁর চিত্কারে ছুটে আসতে থাকে প্রতিবেশীরা। বিপদ টের পেয়ে মালামাল নিয়ে অন্য ডাকাতেরা পালিয়ে গেলেও গৃহবধূর হাতে আটকা পড়া ডাকাত পার পায়নি। গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা গেছে, কুয়েতপ্রবাসী আবদুল কাইয়ুমের বাড়িতে রাত দেড়টার দিকে ১০-১২ জন মুখোশপরা ডাকাত হানা দেয়। তারা ঘরের মালামাল লুট করতে থাকলে গৃহবধূ লিপি বেগম (৩২) বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতেরা গৃহবধূ, তাঁর মেয়ে কানিজ ফাতেমা (১৪), ছেলে কামরুল হাসান (১২) ও জয়কে (৫) কুপিয়ে আহত করে। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ডাকাতেরা দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে। আটক হওয়া ডাকাত কামাল মিয়াকে (২৬) সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এ সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।