ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দারা। বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের হাজার হাজার মানুষ, ইউপি সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা রাত জেগে রাস্তায় অবস্থান করেন।সোনাইমুড়ী থানা সূত্রে জানা গেছে, নয়টার দিকে কুমিল্লা দক্ষিণ থানা থেকে তাঁদের কাছে খবর আসে, কুমিল্লার ডাকাতদলের সর্দার মো. রফিক তাঁর দলবল নিয়ে নোয়াখালীর দিকে রওনা হয়েছেন ডাকাতির উদ্দেশ্যে। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির থানার কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন।আলোচনায় থানা পুলিশের কর্মকর্তা ও অন্যান্য সদস্যকে একাধিক টিমে ভাগ করা হয় এলাকা টহলের জন্য। পাশাপাশি ওসি নিজেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মুঠোফোনে ফোন করে পরিষদের সদস্য, গ্রামপুলিশ সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানান। আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘ওসি সাহেবের ফোন পেয়ে আমরা মেম্বার ও গ্রামপুলিশদের জানাই। এরপর গ্রামের মসজিদে মসজিদে মাইকিং করে লোকজনকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এ খবরে গ্রামের লোকজন স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে আসে ডাকাত পাহারা দেওয়ার জন্য। ভোররাত সাড়ে তিনটা নাগাদ হাজার হাজার মানুষ রাত জেগে ডাকাত পাহারা দেন।’সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘তাঁরা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমেই এদিকে দুর্ধর্ষ ডাকাতদল আসছে বলে খবর পেয়েছিলেন। তাই ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে এলাকার লোকজনকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। লোকজন স্বতঃস্ফূর্তভাবে রাত জেগে পাহারা দিয়েছেন, পাশাপাশি থানা পুলিশও তাদের দায়িত্ব পালন করেছে। শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটনায় সবাই স্বস্তি প্রকাশ করেন।’