ডাকাত আতঙ্কে রাত জেগে গরু পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় গতকাল সোমবার এক গরু ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত গরু ব্যবসায়ী কালাম শেখকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার গোয়ারিয়া গ্রামে। স্থানীয় সূত্র জানায়, কালাম স্থানীয় খামারিদের কাছ থকে গরু কিনতে ভোরে বাড়ি থেকে বের হন। সকাল ছয়টার দিকে ধানকোড়া এলাকায় মোটরসাইকেলযোগে এসে তিন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ধানকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফ বলেন, কালাম এলাকার গৃহস্থদের কাছ থেকে গরু কিনে তা বিভিন্ন হাটে বিক্রি করেন। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে আঘাত করেছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।