ডাকাত-গ্রামবাসী সংঘর্ষে নিহত ২ আহত ৫
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে রোববার দিবাগত রাতে ডাকাত-গ্রামবাসী সংর্ঘষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ব্যক্তির মধ্যে একজন স্থানীয় চৌকিদার। স্থানীয় ইউপির চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি জানান, রোববার রাতে চুঙ্গাপাশা গ্রামের ব্যবসায়ী আ. লতিফের বাড়িতে ডাকাতি করতে যান পাশের দুর্গাপুর গ্রামের সাখাওয়াত গাজীসহ অন্যরা। বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার দিলে ডাকাতদলের সদস্যরা গৃহকর্তা লতিফকে কুপিয়ে জখম করেন। এ সময় এলাকাবাসী প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতদলের সদস্যরা স্থানীয় ইউপি চৌকিদার আ. ওয়াদুদকে কুপিয়ে জখম করেন। এ সময় জনতা ডাকাতদলের সদস্যদের গণপিটুনি দেয়। এতে ডাকাতদলের সদস্য সাখাওয়াত গাজী নিহত হন। আহত ওয়াদুদকে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে মারা যান। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সাখাওয়াত গাজীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্ত্রী হেনোয়ারা বেগম, মোয়াজ্জেম দফাদার, লতিফ আকন, মনির সরদার ও রুমান শেখকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হেনোয়ারা বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন পিরোজপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক নিজাম উদ্দিন। ইউপি চেয়ারম্যান চান মিয়া মাঝি আরও জানান, ওয়াদুদ স্থানীয় চুঙ্গাপাশা এলাকার চৌকিদার। সাখাওয়াত গাজী ও তাঁর স্ত্রী পেশাদার ডাকাত। তাঁর স্ত্রী হেনোয়ারা বেগমকে পুরুষের পোশাক পরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ডাকাত-গ্রামবাসী সংর্ঘষের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।