ডাকাত চক্রের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গত মঙ্গলবার একটি ডাকাত চক্রের নেতা বিল্লাল হোসেন ওরফে বিল্লালকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এক কোটি টাকার গাড়ির চোরাই যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।ডিবির গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ দলের পরিদর্শক মাহবুব উর রশীদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া বিল্লাল ডাকাতি, গাড়ি চুরি ও ছিনতাই চক্রের প্রধান। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। ঢাকার বাইরের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা আছে। বিল্লাল এসব মামলার পলাতক আসামি।ডিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধ্যায় তারা সিদ্ধিরগঞ্জের এগার ফাহি এলাকা থেকে বিল্লাল ও তাঁর সহযোগী ফরিদকে (২৭) একটি গাড়িসহ আটক করে। এ সময় তাঁর কাছ থেকে চোরাই গাড়ির কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে বিল্লাল ডিবি পুলিশকে জানান, তিনি গত ২৯ জানুয়ারি সহযোগীদের নিয়ে পল্লবীর ৬ নম্বর সেকশনের সি-ব্লকের একটি বাড়ির গ্যারেজ থেকে এসব যন্ত্রাংশ চুরি করেন। বিল্লাল আরও জানান, অস্ত্রের মুখে জিম্মি করে তাঁরা বাড়ির গ্যারেজে ঢুকে গাড়ির নতুন যন্ত্রাংশ খুলে নেন। এ পর্যন্ত তিনি প্রায় ৫০০ গাড়ির যন্ত্রাংশ চুরি করেছেন। বিল্লালের স্বীকারোক্তির ভিত্তিতে ডিবি পুলিশ সিদ্ধিরগঞ্জের এগার ফাহি এলাকার একটি ঘর থেকে এক কোটি টাকার চোরাই যন্ত্রাংশ উদ্ধার করে। ডিবির পরিদর্শক মাহবুব জানান, জিজ্ঞাসাবাদে বিল্লাল জানান, চোরাই যন্ত্রাংশ তাঁরা পুরান ঢাকার ধোলাইখাল ও পল্টনের স্কাউট মার্কেটে তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ দোকানে বিক্রি করেন।