ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়ে গত বুধবার রাতে পণ্যবাহী পরিবহনে ডাকাতির সঙ্গে যুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সবুজ মিয়া (৪২), রহিজ মিয়া (২৫), তাজুল ইসলাম (৫১), সাইফুল ইসলাম (৩৭), ইকবাল হোসেন (৩৫) ও ওসমান আলী (৩২)। ডিবি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় তাদের কাছে খবর আসে, ‘ডাকাত সর্দার’ সবুজ মিয়া ও রহিজ মিয়া পল্লবীর বাউনিয়ায় বেড়িবাঁধে অবস্থান করছেন। এ খবরের ভিত্তিতে ডিবির একটি দল পল্লবীর বাউনিয়াবাঁধে অভিযান চালিয়ে সবুজ ও রহিজ মিয়াকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে সাতটি গুলি, একটি বিদেশি পিস্তল ও একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের পাশে মা ট্রেডিং করপোরেশন নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ২৫ টন রড উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডিবি অভিযান চালিয়ে সবুজ ও রহিজের সহযোগী ইকবাল ও ওসমানকে গ্রেপ্তার করে। পরে তাঁদের ভিত্তিতে ডাকাত চক্রের আরও দুই সদস্য তাজুল ইসলাম ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গতকাল ছয়জনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। ডিবির এডিসি মশিউর রহমান অভিযানের নেতৃত্ব দেন। মশিউর রহমান বলেন, গ্রেপ্তার সবুজ ও রহিজ জিজ্ঞাসাবাদে ডিবিকে জানান, তাঁরা গত ২১ জুন নগরের দারুস সালামে রড ভর্তি ট্রাক ডাকাতি করে ট্রাকের চালক আবদুল মজিদ (২৭) ও তাঁর সহকারী সাইদুল ইসলামকে (২২) হত্যা করে হাত-পা বেঁধে সাভারের কর্ণপাড়া সেতু থেকে খালে ফেলে দেয়। জিজ্ঞাসাবাদে ডাকাতেরা ডিবিকে জানান, গত ৪ মার্চ শাহবাগ এলাকা থেকে ২৫ টন রড ভর্তি ট্রাক ডাকাতি করে চালক আলেম মুন্সী ও তাঁর সহকারী সোহেলকে ঘুমের বড়ি খাইয়ে হাত বেঁধে নারায়ণগঞ্জে নিয়ে ফেলে দেয় এবং ডাকাতি করা রড মিরপুরে মা ট্রেডিং করপোরেশনে রেখে দেয়। ডিবির কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া ডাকাতেরা শুধু রড ডাকাতি নয়, তাঁরা মহাসড়কে সিমেন্ট, হুইল, হুইল পাউডার, কাপড়বোঝাই ট্রাকসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকে ডাকাতি করতেন।