ডাকাত-চরবাসী সংঘর্ষ আহত ৭, নিখোঁজ ১ ৩৪টি গরু লুট
কুড়িগ্রামের চিলমারী উপজেলার গাজীরপাড় চরের অদূরে ব্রহ্মপুত্র নদে গত রোববার গভীর রাতে চরবাসীর সঙ্গে ডাকাতদের সংঘর্ষে সাতজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে জিয়ারুল নামে একজন নিখোঁজ আছেন। ডাকাতেরা ডাকাতি শেষে গরু নিয়ে পালানোর সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ডাকাতেরা ৩৪টি গরু নিয়ে গেছে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীরপাড় চরে ১৪ জন কৃষক গোয়ালঘর করে গরু পালেন। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে দুটি নৌকা নিয়ে একদল ডাকাত চরে যায়। তারা গোয়ালঘরে থাকা রাখাল শওকত, সৈয়দ ও আহিনুরের হাত-পা বেঁধে প্রায় ৫০টি গরু দুটি নৌকায় তুলে পালিয়ে যেতে থাকে। রাখালদের মধ্যে একজন মুঠোফোনে পার্শ্ববর্তী মাইজবাড়ীর চরের লোকজনকে এই খবর জানান। খবর পেয়ে মাইজবাড়ীর চরের কিছু লোক লাঠিসোঁটা নিয়ে একটি ট্রলার দিয়ে ডাকাতদের দুটি নৌকাকে ধাওয়া করে। একপর্যায়ে ডাকাতেরা দেশীয় অস্ত্র নিয়ে চরবাসীর নৌকায় হামলা চালায়।এ সময় ডাকাতদের সঙ্গে চরবাসীর সংঘর্ষে গাজীরপাড় চরের জিয়ারুল, রবিউল, বদিউজ্জামান, রফিকুল, সুরুজ্জামাল, ফুলমিয়া ও মুকুল মিয়া গুরুতর আহত হন। আহত জিয়ারুলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চরবাসীর প্রতিরোধের মুখে ডাকাতেরা একটি নৌকা ও ১৬টি গরু রেখে অন্য নৌকায় ৩৪টি গরু নিয়ে পালিয়ে যায়। গতকাল সোমবার সকালে আহত ব্যক্তিদের চিলমারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মুকুল মিয়া ও ফুল মিয়ার অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঢুষমারাজল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, নিখোঁজ ব্যক্তিকে খোঁজা হচ্ছে।