ডাকাত ধরতে গিয়ে পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য আহত
রংপুরের বদরগঞ্জ থানা-পুলিশ বকুল মিয়া (৩৭) নামের এক ডাকাতকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে। এতে থানার পরিদর্শক (তদন্ত) ও একজন উপপরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার বদরগঞ্জ-পার্বতীপুর সীমান্তের হোসেনপুর জোলাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ মিয়া, উপপরিদর্শক (এসআই) লোকেশ চন্দ্র রায়, কনস্টেবল
রবিউল ইসলাম, ছকমুল হোসেন, ইসমাইল হোসেন ও গ্রাম পুলিশ সদস্য আশরাফুল আলম। তাঁরা সবাই গতকাল সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, আহত ওই পাঁচ পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, চুরি, ডাকাতি ও ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি বকুল মিয়া দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুরে বকুল মিয়াকে ধরতে তাঁর গ্রামের বাড়িতে থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ যায়।
বকুল মিয়াকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হলে তাঁর সাঙ্গপাঙ্গরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে পাশের পার্বতীপুর থানা থেকে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় ওসিসহ (তদন্ত) পাঁচ পুলিশ সদস্য আহত হন।
মোস্তাফিজার রহমান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বকুল মিয়ার বাবা আবু বক্কর মিয়াকেও (৫০) আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।