ডাকাত ধরতে গিয়ে গুলিতে নিহত
সিলেটে এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলকে বাধা দিতে গিয়ে গুলিতে ওই প্রবাসীর প্রতিবেশী নিহত হয়েছেন।গতকাল শনিবার ভোররাতে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার নোয়াগাঁওয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল বশির ওরফে বশির মিয়া (৬০)। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ গতকাল সকাল থেকে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে ডাকাত দলকে শনাক্ত করার চেষ্টা করছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের নোয়াগাঁওয়ের বাসিন্দা যুক্তরাষ্ট্রপ্রবাসী মাসুদ চৌধুরীর বাড়িতে সাত-আটজনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। বাড়িতে প্রবাসীর চাচা খসরু মিয়া সপরিবারে বসবাস করতেন। ভোর প্রায় সাড়ে পাঁচটার দিকে ডাকাত দল বাড়ির সামনের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে খসরু মিয়াসহ পরিবারের সদস্যদের জিম্মি করে। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ডাকাতেরা ঘরে থাকা নগদ এক লাখ ৬০ হাজার টাকা ও নয় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বাড়ি থেকে বেরোনোর মুহূর্তে খসরু মুঠোফোনে প্রতিবেশী বশির মিয়াকে ঘটনা জানালে তিনি তাৎক্ষণিক বাড়ির ফটকে এসে ডাকাত দলের সামনে পড়েন। এ সময় ডাকাতেরা তাঁকে লক্ষ্য করে দুটি ফাঁকা গুলি ছোড়ে। বশির মিয়া তখন ‘ডাকাত ডাকাত...’ বলে চিৎকার করে গ্রামবাসীকে সংগঠিত করার চেষ্টা করলে ডাকাতেরা বশিরের কাছে গিয়ে তাঁর বুকে আগ্নেয়াস্ত্র তাক করে গুলি করে পালিয়ে যায়। এতে বশির মিয়া ঘটনাস্থলেই মারা যান।গৃহকর্মীর দায়ের কোপে গৃহকর্ত্রী খুন: গৃহকর্মীর দায়ের কোপে একজন গৃহকর্ত্রী খুন হয়েছেন। এ সময় গৃহকর্ত্রীর সঙ্গে থাকা তাঁর এক মেয়েও আহত হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্ত্রীর নাম বেবী বেগম (৪০)।