ডাকাত ধরতে গিয়ে গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাত ধরতে গিয়ে গুলিতে নজরুল ইসলাম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মৌলভীবাজার শহরতলির মোস্তফাপুর ইউনিয়নের পূর্ব হিলালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নজরুল ইসলামের বাড়ি পূর্ব হিলালপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. ফুল মিয়া। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব হিলালপুর গ্রামের নুরুল ইসলামের বাড়িতে গতকাল রাতে একদল ডাকাত হামলা করে। এ সময় নুরুল ইসলাম মুঠোফোনে প্রতিবেশীদের খবরটি জানান। ডাকাতদের প্রতিরোধ করতে প্রতিবেশীরা বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এ সময় নজরুল ইসলামসহ গ্রামের বেশ কয়েকজন যুবক ডাকাতদের ধাওয়া করেন। পরিস্থিতি দেখে ডাকাতেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে নজরুল ইসলাম পেছন থেকে এক ডাকাতকে ধরে ফেলেন। এ সময় ডাকাতেরা প্রথমে নজরুল ইসলামের হাতে এবং পরে তাঁর বুকে শটগানের গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নুরুন্নাহার বেগমসহ তিনজন আহত হয়েছেন। পরে ডাকাতেরা পালিয়ে যায়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্ভবত ডাকাতকে চিনে ফেলায় তারা নজরুলের বুকে গুলি করেছে।