ডাকাত ধরতে গিয়ে পিটুনির শিকার তিন পুলিশ
বরিশাল নগরের পোর্ট রোড এলাকার কসাইপট্টিতে গত শুক্রবার রাতে সাদা পোশাকে ডাকাত ধরতে গিয়ে বাকেরগঞ্জ থানার পুলিশের তিনজন সদস্য মারধরের শিকার হয়েছেন। আর সুযোগ বুঝে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে গেছে ডাকাত।খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। গুরুতর আহত পুলিশের দুই সদস্যকে পুলিশ হাসপাতাল ও একজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাখাওয়াত হোসেন, মো. মনিরুজ্জামান ও কনস্টেবল মো. আবদুস ছালাম।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটায় একাধিক ডাকাতি মামলার আসামি মজিবর রহমানকে গ্রেপ্তারের পর তিনি উল্টো ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকার লোকজন এসে পুলিশ সদস্যদের পিটুনি দেয়।বরিশাল মহানগর পুলিশ সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী এক থানা থেকে অন্য থানায় অভিযান বা আসামি গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হয়। কিন্তু বাকেরগঞ্জ থানার পুলিশ সেটি করেনি। এ কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, বাকেরগঞ্জ থানায় দুটি ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি মজিবর রহমানের অবস্থান নিশ্চিত করার জন্য থানার তিনজন সদস্যকে বরিশালে পাঠানো হয়েছিল। সে কারণে আগেভাগে কোতোয়ালি থানাকে অবহিত করা হয়নি। ঘটনাস্থলে পৌঁছার পর তিনি কোতোয়ালি থানাকে অবহিত করেন। পুলিশের সদস্যরা মজিবর রহমানকে ঘটনাস্থলে পেয়ে হাতেনাতে ধরে হাতকড়া পড়ান। এ সময় মজিবর চিৎকার দিলে এলাকাবাসী তাঁদের ওপর চড়াও হয়।পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য জানান, বাকেরগঞ্জ থানার পুলিশের আগেভাগে বিষয়টি কোতোয়ালি পুলিশকে জানানো উচিত ছিল। তারা জানিয়েছে অনেক পরে।