রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্টার্ন টাওয়ারে ডাকাতির ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বনানীতে হীরা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া সাতজনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। এখনো এ ঘটনারও কোনো কিনারা হয়নি। গত শুক্রবার ভরদুপুরে রাজধানীর অভিজাত এলাকা বনানীর ইকবাল সেন্টারের হীরা জুয়েলার্স থেকে অস্ত্রের মুখে প্রায় পাঁচ কোটি টাকার স্বর্ণালংকার লুট করে একদল ডাকাত। এর আগে ১৯ জুন দুপুরে ইস্টার্ন টাওয়ারে ব্যবসায়ী ইকরামুল কদর বাবলুর ফ্ল্যাট থেকে অস্ত্রের মুখে প্রায় সোয়া কোটি টাকার মালামাল লুটে নিয়ে যায় ডাকাতেরা। ইস্টার্ন টাওয়ারে ডাকাতির ঘটনাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও রমনা থানা পুলিশ। সাত দিন ধরেই পুলিশ বলছে, ‘চেষ্টা চলছে।’জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদি হাসান বলেন, ‘আমরা অনেক কিছু বলতে চাচ্ছি না। বললে কাজের ক্ষতি হতে পারে। তবে আমরা ভালো কিছুর আশা করছি।’ রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘বলার মতো কিছু ঘটেনি। পুলিশ চেষ্টা করছে।’