ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ৫ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত শনিবার এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের হামলায় তিনজন আহত হন। পরে ডাকাত-পুলিশ সংঘর্ষে পুলিশের দুই কর্মকর্তা আহত হন। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এলাকার অনেকে, ওই ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ভোররাতে উপজেলার কুটি এলাকার বেলতলী বণিকপাড়ার স্বর্ণালংকার ব্যবসায়ী শিমুল চন্দ্র বণিকের বাড়িতে ২৫-৩০ জনের একটি ডাকাত দল লোহার ফটক ভেঙে ঘরে ঢোকে। পরে তারা ওই স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় শিমুল চন্দ্র বণিক, তাঁর বাবা ভজন চন্দ্র বণিক ও পাশের বয়লারের পাহারাদার মোসলেম মিয়া গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের ধাওয়া করে ও ডাকাত ওবায়দুল হকের বাড়িতে গিয়ে তাঁকে আটক করে। এ সময় ডাকাতেরা পুলিশের ওপর আক্রমণ চালিয়ে ওবায়দুলকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ-ডাকাত সংঘর্ষে উপপরিদর্শক (এসআই) মোকাদ্দেছ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম কুমার সরকার গুরুতর আহত হন। পরে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ওই দিনই অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার কুটি গ্রামের বাদল, হানিফ মিয়া, নিশান ফকির, জালাল মিয়া ও পৌর এলাকার শাহপুর গ্রামের কামাল মিয়া গ্রেপ্তার করে। এ ছাড়া গতকাল রোববার কুটি গ্রামের সাগর মিয়া নামের আরও এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ডাকাতির ঘটনা ও পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ডাকাতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।