ডাকাত শহীদ, মুকুলসহ তিন সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকার ভয়ংকর সন্ত্রাসী ডাকাত শহীদ, কুষ্টিয়ার গণমুক্তি ফৌজের প্রধান নেতা আমিনুল ইসলাম মুকুল ও সাংসদ আহসানউল্লাহ মাস্টার খুনের আসামি দিপুকে দেশে ফেরত আনার প্রচেষ্টা শুরু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে। তবে সিআইডির কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।নাম প্রকাশ না করার শর্তে সিআইডির দায়িত্বশীল সূত্র জানায়, চলতি মাসেই এই তিন অপরাধীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। এর আগে সিআইডির কর্মকর্তারা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া আটজন অপরাধীকে দেশে ফিরিয়ে আনেন। তাঁরা সবাই কারাগারে আছেন।পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৯ জানুয়ারি ভারতের পুরীর একটি হোটেল থেকে ডাকাত শহীদকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ২০টি মামলা আছে। রাজধানীতে তাঁর একটি সন্ত্রাসী দলও সক্রিয় আছে। ভারতের বিভিন্ন শহরে বসে টেলিফোনে তিনি বাংলাদেশে চাঁদাবাজি করতেন। এ ছাড়া ভারত-বাংলাদেশ চোরাচালানি চক্রকেও সহায়তা করতেন তিনি। ডাকাত শহীদের বাড়ি মুন্সিগঞ্জে। ২০০০ সালে তিনি পালিয়ে ভারতে যান। তাঁকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে কলকাতার পুলিশ ইসহাক নামে আরও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে।কুষ্টিয়ার গণমুক্তি ফৌজের প্রধান নেতা আমিনুল ইসলাম মুকুল গ্রেপ্তার হন গত বছরের ডিসেম্বর মাসে। মুকুলের নির্দেশে কুষ্টিয়ায় অনেক নিরীহ মানুষ খুন হয়েছে। এ ছাড়া আহসানউল্লাহ মাস্টার খুনের আসামি দিপুকে এক বছর আগে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছে। এই তিনজনই এখন পশ্চিমবঙ্গের কারাগারে। সিআইডি পুলিশের কর্মকর্তারা জানান, তাঁদের কাছে খবর আছে যে রাজধানীর আরও দুজন শীর্ষস্থানীয় সন্ত্রাসী জয় ও হারিছ কলকাতার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।এর আগে ভারতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের সন্ত্রাসী সানজিদুল হক ইমন, হাবিবুর রহমান তাজ ওরফে নাইমুল হাসান, সোহেল ইব্রাহীম, বিপ্লব ওরফে লম্বা সেলিম, ইসহাক, সূত্রাপুরের রফিক মল্লিক ওরফে ইব্রাহিম মল্লিক, টাঙ্গাইলের বাবুল ওরফে জুয়েলসহ আটজনকে ফেরত আনে সিআইডি পুলিশ।