ডাকাত শহীদের বিরুদ্ধে মামলার আইনজীবীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকা থেকে গত মঙ্গলবার আইনজীবী মিয়া মো. জাকির হোসেনের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। জাকিরের স্বজনেরা জানান, তিনি ডাকাত শহীদের বিরুদ্ধে করা মামলার আইনজীবী ছিলেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) মো. আজাদ জানান, আইনজীবী জাকির সোমবার বিকেলে ঢাকার উত্তরায় নিজের চেম্বার থেকে বের হয়ে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই রাতে তাঁর বাবা আবু আহমেদ হাসপাতালের মর্গে ছেলের লাশ শনাক্ত করেন।নিহত জাকিরের ছোট ভাই মো. শিপন সাংবাদিকদের জানান, জাকির হোসেন সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সদস্য ছিলেন। তিনি ডাকাত শহীদের বিরুদ্ধে করা কয়েকটি মামলার আইনজীবী ছিলেন। ডাকাত শহীদের লোকজন এর আগেও হত্যার উদ্দেশ্যে জাকিরকে গুলি করেছিল। এতে তিনি আহতও হয়েছিলেন। তাঁদের ধারণা, ডাকাত শহীদের লোকজন তাঁকে হত্যার পর লাশ কেরানীগঞ্জে ফেলে যায়।জাকির ঢাকার কোতোয়ালি থানার ২৩/১ কৈলাস ঘোষ লেনের পারুল ভিলায় সপরিবারে বাস করতেন।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তবে নিহত জাকিরের পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেননি।