ডাকাত সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে নিরপরাধ কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিহত কিশোর শামছুদ্দীন মিলনের (১৬) মা কোহিনূর বেগম বাদী হয়ে নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন। গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ছয়জনের একজন মিলন। আদালত গতকাল বাদীর অভিযোগ আমলে নিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বাদী চর ফকিরা গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগম উল্লেখ করেন, ২৭ জুলাই সকালে শামছুদ্দীন মিলন জমি নিবন্ধন করতে বাড়ি থেকে ১৪ হাজার টাকা নিয়ে উপজেলা সদরের দিকে যায়। চরকাঁকড়া গ্রামের আকু মাঝিবাড়ীতে থাকা খালাতো বোন চুমকির সঙ্গে কথা বলতে সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় বেপারী স্কুলের মসজিদের ঘাটে বসে অপেক্ষা করছিল মিলন। এ সময় স্থানীয় মিজানুর রহমান ওরফে মানিক শামছুদ্দীনের কাছে সেখানে বসে থাকার কারণ জানতে চান। এ সময় আরও লোকজন সেখানে জড়ো হয়।একপর্যায়ে সেখানে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দিন। তিনিও শামছুদ্দীনের কাছে সেখানে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তাঁরা পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে খালাতো বোন চুমকিকে ডেকে এনে পরিচয় সম্পর্কে নিশ্চিতও হন। কিন্তু ইউপি সদস্য জামাল ও মিজানুর মিলনকে মারধর করে সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন এবং আহত অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করেন। আরজিতে বলা হয়, পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে আহত মিলনকে হাসপাতাল বা থানায় না নিয়ে টেকেরহাট বাজারের তিন রাস্তার মোড়ে ফেলে চলে যায়। এ সময় সেখানে উপস্থিত লোকজন শামছুদ্দীনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। কিছুক্ষণ পর পুলিশ আবার সেখানে গিয়ে মিলনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ ব্যাপারে ইউপি সদস্য জামাল উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা মিলনকে ডাকাত বলে সন্দেহ করেছিলাম। কিন্তু কাউকে মারধর করতে দিইনি। পুলিশকে খবর দিয়ে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাঁদের হাতে তুলে দিয়েছি। ওই ছেলে নিজেই হেঁটে পুলিশের গাড়িতে ওঠে। এরপর শুনেছি, পথে কারা নাকি পুলিশের কাছ থেকে মিলনকে কেড়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।’মিলনের চাচা জসিম উদ্দিন বলেন, ‘ওই দিন মিলন মুঠোফোনে তাঁকে আটকে রাখার কথা আমাদের জানিয়েছিল। আমি তার মাকে নিয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন আমাদের জানায়, পুলিশ ইচ্ছাকৃতভাবে মিলনকে উত্তেজিত জনতার হাতে সঁপে দেয়। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর আবার এসে লাশ নিয়ে যায়।’এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম শেখ দাবি করেন, তিনি যখন মিলনকে নিয়ে থানায় ফিরছিলেন, তখন পথে কয়েক শ লোক পুলিশের গাড়ির সামনে দাঁড়ায়। তারা জোর করে মিলনকে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে। কিন্তু পুলিশ সংখ্যায় কম হওয়ায় উত্তেজিত জনতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, পুলিশ ইচ্ছা করে কাউকে উত্তেজিত জনতার হাতে তুলে দিয়েছে—এই অভিযোগ ঠিক নয়। তবে ওই সময় যে পরিস্থিতি ছিল, তাতে পুলিশ ইচ্ছা করলেও ওই ছেলেটিকে বাঁচাতে পারত না। অপর এক প্রশ্নের জবাবে ওসি স্বীকার করেন, নিহত মিলনের বিরুদ্ধে থানায় কোনো চুরি-ডাকাতি বা অন্য কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত তাঁরা পাননি। স্থানীয় লোকজনই তাঁকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়েছিল। মামলা দায়েরের পর গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরে নিহত মিলনের মা কোহিনূর বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেকে বিনা দোষে হত্যা করা হয়েছে। পুলিশ এই কাজে সহায়তা করেছে। আমি এর সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।’মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক মো. হানিফ বলেন, তাঁরা নিহত মিলনের পরিবারের সঙ্গে কথা বলবেন এবং এ বিষয়ে তাঁদের সংস্থার পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার পদক্ষেপ নেবেন।