ডাকাত সন্দেহে গণপিটুনি
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী বাজারে গত রোববার রাতে ডাকাত সন্দেহে তিন যুবক গণপিটুনিতে আহত হয়েছেন। খরব পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার রাত ১২টার দিকে তিন যুবক মোটরসাইকেলযোগে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাগাজী-মুহুরী প্রজেক্ট সড়কের বাদামতলী বাজারে যান। তখন বাজারের বেশির ভাগ দোকান বন্ধ ছিল। তিন যুবক কোনো দোকানি বা অন্য কারও সঙ্গে কথাবার্তা না বলে বেশ কিছুক্ষণ বাজারে অবস্থান করায় এবং তাঁদের চলাফেরায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ অবস্থায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাঁদের ঘেরাও করে সেখানে উপস্থিতির কারণ জানতে চান। তাঁদের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর না পেয়ে একপর্যায়ে তাঁরা গণপিটুনির শিকার হন।
আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের নবঘোষিত জোরারগঞ্জ থানার পাতাকোর্ট গ্রামের আইনুল করিম, একই গ্রামের শেখ জাফর ও একই উপজেলার বাঁশখালী গ্রামের সালাহ উদ্দিন। পুলিশ তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিছুটা সুস্থ হওয়ার পর গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।