ডাকাত সন্দেহে গণপিটুনি দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের লোদীপুর গ্রাম এলাকায় গত মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি বাসে ডাকাতি করার সময় আটক দুজন গণপিটুনিতে নিহত হয়েছেন।তাঁরা হলেন উপজেলার খেলনা ইউনিয়নের দেবীপুর গ্রামের শাহজাহান আলী (৩০) ও দেশাহার গ্রামের ফজলুর রহমান (৪৬)।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে পত্নীতলা উপজেলার মধুইল বাজার এলাকা থেকে একটি বাস ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বাজারে যাচ্ছিল। পথে লোদীপুর এলাকায় মুখোশধারী কয়েকজন ডাকাত সড়কের ওপর গাছ ফেলে বাস থামিয়ে চালকসহ যাত্রীদের জিম্মি করে মালামাল লুট শুরু করে। এ সময় বাসের যাত্রীদের হইচই ও কান্নাকাটি শুনে পাশের লোদীপুর গ্রামের লোকজন চারদিক ঘেরাও করে শাহজাহান আলী ও ফজলুর রহমানকে আটক করে। তবে অন্যরা পালিয়ে যায়। আটক দুজনকে স্থানীয় একটি মাদ্রাসার ভেতরে নিয়ে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।নিহত ফজলুর রহমানের ভাই নিজাম উদ্দিন বলেন, ফজলুর রহমান কাঠ ব্যবসায়ী। এলাকায় তাঁর স মিল আছে। শাহজাহান আলী একজন গৃহস্থ।খেলনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদ চৌধুরী বলেন, ফজলুর রহমান খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। শাহজাহান আলী বিএনপির সমর্থক। তাঁর বিরুদ্ধেও কোনো মামলা নেই। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, রাতেই দুজনকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেল আটক করা হয়েছে।বাসের চালক আলামিন আহমেদ বাদী হয়ে গতকাল বুধবার সকালে ধামইরহাটে বাসে ডাকাতি এবং পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। নিহত দুজনের মরদেহ গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।