ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ১
পাবনার চাটমোহরে গণপিটুনিতে এক তরুণ নিহত ও আরেকজন আহত হয়েছেন। এলাকাবাসী ডাকাত সন্দেহে তাঁদের পিটুনি দিয়েছেন। উপজেলার বেরুয়াপাড়া এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম সজীব (২৮)। তিনি ঢাকার গাজীপুরের মণিপুরি তালতলা এলাকার আমিরুল ইসলামের ছেলে। আহতের নাম নয়ন (২৫)। তিনি পাবনার সাঁথিয়ার গোবিন্দপুর নন্দনপুরের আফসার আলী।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাটেঙ্গা বউবাজার এলাকা থেকে ছয়জন যুবক একটি নছিমন ভাড়া করেন। ছাইকোলা-কাছিকাটা সড়কের নীলছাম কবরস্থানের কাছে গিয়ে তাঁরা অস্ত্র দেখিয়ে চালককে নামিয়ে দেন। চালক বেরুয়াপাড়া মোড়ে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে এসে সজীব ও নয়নকে আটক করে গণপিটুনি দেন। এ সময় অপর চারজন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং আহত নয়নকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। চিকিৎসাধীন নয়ন জানান, তাঁরা ডাকাতি করতে যাওয়ার জন্য নছিমনটি ছিনতাই করেন। তাঁদের সঙ্গে যাঁরা পালিয়েছেন, তাঁদের কাছে অস্ত্র ছিল। তিনি গাজীপুরে একটি সেলুনে কাজ করেন বলে জানান। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় নছিমনের চালক শাহাদৎ হোসেন থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে।