ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত  আড়াইটার দিকে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় জানা যায়নি।

সাভার মডেল থানার পুলিশ জানায়, সাভারের আমিনবাজারের বরদেশী এলাকার পাশে তুরাগ নদে গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিদের গুলিবিনিময় হয়। পালানোর সময় তাঁদের একজন গণপিটুনিতে নিহত হন। পুলিশ এ সময় দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন বরিশালের মুলাদি উপজেলার সলিম উদ্দিন (২৫) ও রাজধানীর দোলাইরপাড়ের রশীদ ফকির (৫৮)।

সাভার পুলিশ জানায়, ট্রলারে করে এসে একদল লোক বরদেশী বালুরচরের পাশে তুরাগ নদে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ একটি ট্রলারে করে গিয়ে তাঁদের ধাওয়া করে। তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পুলিশের ট্রলার লক্ষ্য করে গুলি চালান। পুলিশ পাল্টা গুলি চালালে তাঁরা পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তারে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। পরে তাঁরা সাঁতরে রাজধানীর দারুস সালাম থানার দীপনগর এলাকা দিয়ে তীরে উঠলে জনতা একজনকে ধরে পিটুনি দেন। পিটুনির শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সূত্রপাত সাভার থানা এলাকায় হলেও গণপিটুনির শিকার হয়ে এক ডাকাত মারা যান রাজধানীর দারুস সালাম থানা এলাকায়। ওই থানাতেই হত্যা মামলা দায়ের করা হবে। তবে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করা হয়েছে।