ডাকাত সন্দেহে গ্রেপ্তার ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ আন্তজেলা ডাকাত দলের সদস্য সন্দেহে তিনজনকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেওয়ানগঞ্জে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কমারেরচর গ্রামের শিপন মিয়া (৩০), বালুরচর গ্রামের জহুরুল ইসলাম (২৪) ও গাইবান্ধার সিথাই গ্রামের কুরবান আলী (২২)। মির্জাপুরে গ্রেপ্তার হওয়া আটজন হলেন কুমারজানী গ্রামের আরশেদ আলী (৪২), পোষ্টকামুরী গ্রামের মো. শাহিন মিয়া (৩৮), ছোবহান মিয়া (৩০), ইউনিয়নপাড়া এলাকার লাভলু মিয়া (৩২), গন্ধব্যপাড়া গ্রামের আলমগীর হোসেন (২৬), সোহেল মিয়া (৩২), লিটন মিয়া (৩০) ও দেলদুয়ার উপজেলা সদরের প্রকাশ শীল (২৫)।
দেওয়ানগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, সানন্দবাড়ি বাজার এলাকার একটি ওয়ার্কশপের দোকানে অস্ত্র তৈরি করছিলেন ডাকাত দলের ওই সদস্যরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল সোমবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, ‘ডাকাতির কাজে ব্যবহারের জন্য তাঁরা অস্ত্র তৈরি করছিলেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।’
মির্জাপুর থানা-পুলিশ সূত্র জানায়, গত রোববার গভীর রাতে মির্জাপুর সদরের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ওই ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি ছুরি, রড ও প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।